
শেষ আপডেট: 30 November 2018 08:34
২০ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে প্রিমিয়র ব্যাডমিন্টন লিগ। এরপর টোকিও গেমস। ব্যস্ত সূচির মধ্যে থেকেই ১৬ ডিসেম্বর দিনটিকে বেছে নিয়েছেন সাইনা। অক্টোবরে এই প্রসঙ্গে বলতে গিয়ে সাইনা জানিয়েছিলেন, ‘বিয়ের পিঁড়িতে বসার জন্য এই একটা দিনই আমার হাতে ছিল।’ আর কাশ্যপের সঙ্গে তাঁর রিলেশনশিপ নিয়ে বলতে গিয়ে অলিম্পিকে ব্রোঞ্জজয়ী শাটলার জানিয়েছিলেন, ‘২০০৭-০৮ থেকে আমরা একসঙ্গে বিদেশ সফরে যাত্রা শুরু করি। এরপর একইসঙ্গে অনুশীলন, টুর্নামেন্টে অংশগ্রহণের পালা চলতে থাকে। ধীরে ধীরে আমরা একে অন্যের পারফরম্যান্সে মনোযোগী হয়ে পড়ি।’
টানা ১০ বছর প্রেম করেছেন তাঁরা। কিন্তু বুঝতে দেননি কাউকে। এমনকী পাপারাৎজির নজরও এড়িয়ে গেছেন তাঁরা। তাঁদের প্রেমের ব্যাপারে সবাই বুঝতে পারেন, যখন নিজেরাই বিয়ের কথা ঘোষণা করেন। অবশ্য এ ব্যাপারে একটা সুবিধাও ছিল তাঁদের। যেহেতু তাঁরা দুজনেই ব্যাডমিন্টন খেলোয়াড়, একই সঙ্গেই যাত্রা করতেন সব জায়গায়, তার জন্য তাঁদের এই গোপন প্রেমপর্ব চালাতে কোনও সমস্যা হয়নি।
বছরের শুরুতেই দেশোয়ালি পিভি সিন্ধুকে হারিয়ে দ্বিতীয়বার কমনওয়েলথ সোনা গলায় ঝুলিয়েছেন সাইনা। তবে এরপর থেকে বাকি টুর্নামেন্টগুলোতে চোকার্স হিসেবেই রয়ে গিয়েছেন এই তারকা। অন্যদিকে ২০১৪ কমনওয়েলথে সোনাজয়ী কাশ্যপ। ২০০৫ পুলেল্লা গোপীচাঁদের কোচিংয়েই সাক্ষাৎ এই দুই শাটলারের। এরপর জাতীয় মঞ্চ থেকে আন্তর্জাতিক মঞ্চ, খানিকটা সমানভাবেই বেড়ে ওঠা দুজনের। বিয়ে আর কদিন পরে হলেও এখন থেকেই যেন আর তর সইছে না অনুরাগীদের।