দ্য ওয়াল ব্যুরো: দিন কয়েক আগেই ধর্ষণের অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। এ বার সেই ধর্ষণের অভিযোগের জন্যই পর্তুগাল জাতীয় দল থেকে বাদ পড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বৃহস্পতিবার পর্তুগাল কোচ ফার্নান্দো স্যান্টোস এ কথা জানিয়েছেন।
বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলন করে পর্তুগাল কোচ স্যান্টোস জানান, এই মুহূর্তে পর্তুগাল জাতীয় দল থেকে রোনাল্ডোকে বাদ দেওয়া হয়েছে। ফলে ১১ অক্টোবর পোল্যান্ডের বিরুদ্ধে উয়েফা নেশনস কাপের ম্যাচ, ১৪ অক্টোবর গ্লাসগোতে স্কটল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অংশ নিতে পারবেন না সিআর সেভেন। এমনকী নভেম্বর মাসে পর্তুগালের আন্তর্জাতিক প্রীতি ম্যাচগুলোতেও পাওয়া যাবে না রোনাল্ডোকে।
স্যান্টোস আরও জানান, কবে রোনাল্ডোকে ফের পর্তুগাল দলে অন্তর্ভুক্ত করা হবে, সে ব্যাপারে এখনও কিছু ঠিক হয়নি। তবে তিনি আশা করছেন, পর্তুগালের জার্সিতে ফের খেলতে দেখা যাবে সিআর সেভেনকে। রোনাল্ডো, কোচ স্যান্টোস ও পর্তুগিজ ফুটবল ফেডারেশনের প্রধানের মধ্যে ত্রিপাক্ষিক আলোচনা করার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্যান্টোস।
ক্যাথরিন মায়োরগা নামের বর্তমানের এক স্কুল শিক্ষিকা কয়েকদিন আগে দাবি করেন, ২০০৯ সালে তাঁকে এক হোটেল রুমে ধর্ষণ করেছিলেন রোনাল্ডো। সেই সময় তিনি সবে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছেড়ে রিয়েল মাদ্রিদে যোগ দিয়েছেন। মায়োরগা নাকি সেই সময় পুলিশের কাছে অভিযোগও দায়ের করেছিলেন। কিন্তু রোনাল্ডোর পক্ষ থেকে ব্যাপারটা মিটিয়ে ফেলতে চাপ আসে।
এমনকী তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩ লাখ ৭৫ হাজার ডলার ট্রান্সফার করা হয়। প্রবল লড়াইয়ের পরও একটা সময় বিচারের আশা ছেড়ে দিয়েছিলেন মায়োরগা। কিন্তু ৯ বছর পর হঠাৎ করে একটি আইন সংস্থার মাধ্যমে ফের মুখ খুলেছেন ক্যাথরিন। এখন তাঁর বয়স ৩৪ বছর। রোনাল্ডোর ৩৩। ক্যাথরিন মায়োরগার অভিযোগ আবার প্রকাশ করেছে জার্মানির একটি ম্যাগাজিন। আর তার পর থেকেই সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।
ধর্ষণের অভিযোগ সামনে আসার পর থেকেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বিভিন্ন মাধ্যমে এই ধর্ষণের ঘটনা অস্বীকার করে আসছিলেন। তার নিজের আইনজীবীর মাধ্যমে বলছিলেন, “অভিযোগকারিনী সবার নজরে আসার জন্য এ ধরনের মনগড়া ঘটনার জন্ম দিয়েছে। এটা কোনও ভাবেই সত্য নয়।”
এমনকী টুইটারে রোনাল্ডো সরাসরি ধর্ষণের ঘটনা অস্বীকার করেছেন। টুইটারে তিনি লেখেন, “আমি দৃঢ়ভাবে আমার প্রতি ওঠা অভিযোগ অস্বীকার করছি। ধর্ষণ খুবই জঘন্য একটি অপরাধ। আমি নিজেও এ ধরনের অপরাধের ঘোরতর বিরোধী। আমি নিজে চাই এই অভিযোগ থেকে মুক্তি পেতে। এমনকি আমার নামে মিডিয়ায় যে সব অভিযোগ উঠে এসেছে এবং মনগড়া বক্তব্য এসেছে, সেই সব কিছুর বিরোধিতা করছি আমি।”
তারমধ্যেই পর্তুগালের জাতীয় দল থেকে বাদ পড়লেন সর্বকালের সেরা পর্তুগিজ খেলোয়াড়। এমনিতেই রোনাল্ডোর বয়স এখন ৩৩। আর কতদিন সর্বোচ্চ স্তরে ফুটবল খেলবেন সেটা অবশ্য তিনিই জানেন। কিন্তু বলা যায়, ধর্ষণের অভিযোগে জাতীয় দল থেকে বাদ পড়ার ঘটনা তাঁর বিখ্যাত কেরিয়ারে একটু হলেও কালি লেপে দিল। সেই সঙ্গে উঠল প্রশ্ন, রোনাল্ডোকে ফের পর্তুগালের জার্সিতে দেখা যাবে তো?