বিরাটকে টপকালেন রোহিত, অনন্য নজির হিটম্যানের
দ্য ওয়াল ব্যুরো: রবিবার নিউজিল্যান্ডে ইতিহাস তৈরি করেছে ভারত। পাঁচ ম্যাচের টি ২০ সিরিজ ৫-০ জিতেছেন কোহলিরা। কিন্তু এই রেকর্ডের সঙ্গে আরও একটি রেকর্ড হয়েছে ভারতীয় ওপেনার রোহিত শর্মার। টি ২০ ক্রিকেটে হাফসেঞ্চুরির নিরিখে বিরাট কোহলিকে টপকে গ
শেষ আপডেট: 2 February 2020 14:12
দ্য ওয়াল ব্যুরো: রবিবার নিউজিল্যান্ডে ইতিহাস তৈরি করেছে ভারত। পাঁচ ম্যাচের টি ২০ সিরিজ ৫-০ জিতেছেন কোহলিরা। কিন্তু এই রেকর্ডের সঙ্গে আরও একটি রেকর্ড হয়েছে ভারতীয় ওপেনার রোহিত শর্মার। টি ২০ ক্রিকেটে হাফসেঞ্চুরির নিরিখে বিরাট কোহলিকে টপকে গেলেন রোহিত।
এদিন বিরাট বিশ্রাম নেওয়ায় ভারতের অধিনায়কত্ব করেন রোহিত। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন তিনি। ব্যাট কুরতে নেমে প্রথমে কিছুটা ধীরে খেলছিলেন রোহিত। কিন্তু একবার সেট হয়ে যাওয়ার পর হাত খোলেন। লোকেশ রাহুলকে সঙ্গে নিয়ে দলের রান এগিয়ে নিয়ে যেতে থাকেন হিটম্যান। তিনটে চার ও দুটি ছক্কার সাহায্যে ৩৫ বলে ৫০ করেন তিনি।
হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় ৬০ রানের মাথায় রোহিত উঠে গেলেও তার আগে রেকর্ড হয়ে গিয়েছে তাঁর। এদিন টি ২০ ক্রিকেটে ২৫তম হাফসেঞ্চুরি হল রোহিতের। আসলে তাঁর হাফসেঞ্চুরির সংখ্যা ২১। তারসঙ্গে টি ২০তে চারটি সেঞ্চুরিও রয়েছে হিটম্যানের। অন্যদিকে বিরাটের রয়েছে টি ২০তে ২৪টি হাফসেঞ্চুরি। কোনও সেঞ্চুরি নেই তাঁর।
এই তালিকায় তিন নম্বরে যুগ্মভাবে রয়েছেন নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল ও আয়ারল্যান্ডের পল স্টার্লিং। দু'জনেরই ১৭টি করে হাফসেঞ্চুরি রয়েছে। ১৬টি হাফসেঞ্চুরি নিয়ে চার নম্বরে রয়েছেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার।
বর্তমানে সাদা বলের ক্রিকেটে বিরাটের থেকেও বিধ্বংসী বলা হয় রোহিতকে। তাঁর রেকর্ডই সেকথা বলে। টি ২০তে যেমন তাঁর চারটি সেঞ্চুরি রয়েছে, তেমনই ওয়ান ডে ক্রিকেটেও তিনটি ডবল সেঞ্চুরি রয়েছে। সেঞ্চুরিতে পৌঁছলে সবসময় বড় রান আসে হিটম্যানের ব্যাট থেকে। ২০১৯ সাল দুরন্ত গিয়েছে রোহিতের। বিশ্বকাপে পাঁচটি সেঞ্চুরি করেছেন তিনি। আইসিসির বিচারে এই বছরের সেরা ব্যাটসম্যানের পুরস্কার পেয়েছেন রোহিত। এবার টি ২০ ক্রিকেটেও বিরাটের রেকর্ড ভাঙলেন হিটম্যান।