দ্য ওয়াল ব্যুরো: লকডাউনের কারণে দীর্ঘ প্রায় তিনমাস বন্ধ খেলাধুলো। এবার ধীরে ধীরে তা শুরু হয়েছে। ফুটবলের মতো ক্রিকেটও শুরু হচ্ছে অনেক জায়গায়। ওয়েস্ট ইন্ডিজ যেমন সিরিজ খেলতে গিয়েছে ইংল্যান্ডে। আইপিএল নিয়েও আলোচনা চলছে। এই অবস্থায় মাঠে নামলেন ভারতের সহ-অধিনায়ক রোহিত শর্মা। প্রথমবার আউটডোরে অনুশীলন করলেন তিনি।
লকডাউনের ফলে খেলাধুলো বন্ধ হয়ে গেলেও নিজেদের অনুশীলন বন্ধ রাখেননি ক্রিকেটাররা। ঘরেই যেটুকু পেরেছেন নিজেদের ফিট রেখেছেন। বেশিরভাগ প্লেয়ারের বাড়িতেই জিমের অনেক সরঞ্জাম থাকে। সেখানে নিজেদের ফিট রাখার কাজ চলেছে। কিন্তু কেউ বাইরে বেরতে পারেনি। এবার বাইরে বেরনোর সুযোগ পেয়েছেন তাঁরা।
এর মধ্যেই যাঁদের সুযোগ ছিল, তাঁরা বাইরে অনুশীলন করেছেন। যেমন মহম্মদ শামি। উত্তরপ্রদেশে শামির বাড়ির পাশে জমিতে অনুশীলন করার জায়গা রয়েছে। চারদিকে ঘেরা সেখানে অনুশীলন করতেন ভারতের পেসার। তেমনই রবিচন্দ্রন অশ্বিনের বাড়ির পাশেও পিচ করা রয়েছে। সেখানে অনুশীলন চালাতেন এই স্পিনার। কিন্তু বাকিদের ইনডরেই সীমাবদ্ধ থাকতে হয়েছিল।
নিউজিল্যান্ড সফরে কাফ মাসলে চোট পেয়েছিলেন রোহিত। তারপর থেকে আর নামেননি মাঠে। আইপিএলে তাঁর ফেরার কথা ছিল। কিন্তু বর্তমানে তা স্থগিত। এর মধ্যে বাড়িতে মেয়ের সঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছে রোহিতকে। কিন্তু নিজের ফিটনেস বজায় রেখেছেন তিনি। অবশেষে মাঠে ফিরতে পেরে যে তিনি খুবই আনন্দিত তা তাঁর পোস্টেই বোঝা যাচ্ছে।
নিজের ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন হিটম্যান। সেখানে দেখা যাচ্ছে, মাঠের মধ্যে বসে রয়েছেন তিনি। চোখে-মুখে জলের ছিটে দিচ্ছেন। দেখে মনে হচ্ছে অনুশীলন সবে শেষ হয়েছে তাঁর। ছবির ক্যাপশনে রোহিত লিখেছেন, “পার্কে ফিরে কিছু খাটাখাটনি করতে পেরে ভাল লাগছে। অনেক দিন পরে আমাকে নিজের মতো লাগছে।” যদিও কোন মাঠে রোহিত অনুশীলন করেছেন তা তিনি উল্লেখ করেননি।
https://www.instagram.com/p/CB0g1wUhC1z/?igshid=1ub3bool9i30y
এর আগে ভারতীয় দলের ক্রিকেটার ইশান্ত শর্মা ও চেতেশ্বর পূজারা অনুশীলনে ফিরেছেন। ভারতীয় দলের মধ্যে সবার আগে অনুশীলন শুরু করেছেন পেস বোলার শার্দুল ঠাকুর। গত মাসে মহারাষ্ট্রের পালঘর জেলার বইসারে নেটে বল করতে দেখা গিয়েছে তাঁকে।
যদিও এখনও অনুশীলন শুরু করেননি ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। বাড়িতেই সময় কাটাতে দেখা যাচ্ছে তাঁকে। অবশ্য তার মধ্যেও নিজের ফিটনেস ধরে রেখেছেন তিনি। মাঝেমধ্যেই সেই ভিডিও শেয়ার করতে দেখা যায় তাঁকে।