রেকর্ড হাতছাড়া রোহিতের, ডবল সেঞ্চুরির পথে ময়ঙ্ক
দ্য ওয়াল ব্যুরো : বৃষ্টির কারণে প্রথম দিনের খেলা চা বিরতির পর ভেস্তে যাওয়ায় হতাশ হয়েছিলেন সমর্থকরা। দ্বিতীয় দিনের খেলা শুরু হওয়ার পর থেকে দর্শকদের হতাশা মিটিয়ে দিলেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও ময়ঙ্ক আগরওয়াল। আগের দিনের মতোই সাবলীল ব্যা
শেষ আপডেট: 3 October 2019 06:34
দ্য ওয়াল ব্যুরো : বৃষ্টির কারণে প্রথম দিনের খেলা চা বিরতির পর ভেস্তে যাওয়ায় হতাশ হয়েছিলেন সমর্থকরা। দ্বিতীয় দিনের খেলা শুরু হওয়ার পর থেকে দর্শকদের হতাশা মিটিয়ে দিলেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও ময়ঙ্ক আগরওয়াল। আগের দিনের মতোই সাবলীল ব্যাটিং শুরু করলেন তাঁরা। দক্ষিণ আফ্রিকার বোলারদের থিতু হওয়ার সময় দিলেন না। কিন্তু হঠাৎই ছন্দপতন। বড় শট খেলতে গিয়ে ডবল সেঞ্চুরি হাতছাড়া করলেন রোহিত। যদিও ময়ঙ্ক নিজের ছন্দে খেলছেন। রোহিত না পারলেও রেকর্ড গড়তে পারেন ভারতের এই তরুণ ওপেনার।
আগের দিন বিনা উইকেটে ২০২ রানে থেমেছিল ভারতের ইনিংস। এ দিন শুরু থেকেই চালিয়ে খেলা শুরু করেন দুই ওপেনার। টেস্ট ক্রিকেট নিজের প্রথম সেঞ্চুরি করলেন ময়ঙ্ক। এর আগে পাঁচটি হাফ সেঞ্চুরি করলেও এই প্রথম সেঞ্চুরি এল তাঁর ব্যাট থেকে। অন্যদিকে নিজের দেড়শ রান পূর্ণ করেন রোহিত। দেখে মনে হচ্ছিল লাঞ্চের আগেই ডবল সেঞ্চুরি করে ফেলবেন হিটম্যান।
বড় শট মারার লোভেই ডুবতে হল রোহিতকে। কেশব মহারাজকে ছক্কা মারার জন্য স্টেপ আউট করেন তিনি। কিন্তু বল স্পিন করায় ব্যাটে বলে সংযোগ হয়নি। ডি'কক স্টাম্প করলে ১৭৬ রানের মাথায় প্যাভিলিয়নে ফিরতে হয় তাঁকে। ওপেনার হিসেবে নিজের প্রথম ইনিংসে ডবল সেঞ্চুরির সুযোগ হারালেন রোহিত।
রোহিত আউট হওয়ায় ব্যাট করতে নামেন পূজারা। লাঞ্চের বিরতিতে ভারতের স্কোর এক উইকেটে ৩২৪। ময়ঙ্ক ১৩৮ ও পূজারা ৬ রান করে খেলছেন। বেশ সাবলীল দেখাচ্ছে আগরওয়ালকে। রোহিত না পারলেও ময়ঙ্কের কাছে সুযোগ রয়েছে টেস্ট ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরিকে ডবল সেঞ্চুরিতে পরিণত করার।