দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় দল বিশ্বকাপের বাইরে বেরিয়ে গিয়েছে ৪৮ ঘণ্টা হয়ে গেল। দলের হারের কারণ নিয়ে ইতিমধ্যেই মুখ খুলেছেন অধিনায়ক বিরাট কোহলি থেকে ডেপুটি রোহিত শর্মা। এ বার মুখ খুললেন ভারতের হেড কোচ রবি শাস্ত্রী। বললেন, মিডল অর্ডারে একজন ভালো ক্রিকেটারের অভাবেই হারতে হলো দলকে।
ম্যাচের পর এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেন শাস্ত্রী। সেখানে তিনি বলেন, "সত্যি আমাদের একজন ভালো মিডল অর্ডার ব্যাটসম্যানের অভাব হয়েছে। কিন্তু এখন আমাদের ভবিষ্যতের দিকে তাকাতে হবে। এই মিডল অর্ডারই আমাদের সবসময় সমস্যায় ফেলেছে। রাহুলকে প্রথমে চার নম্বরের জন্য বাছা হয়েছিল। কিন্তু শিখর ধাওয়ান চোট পাওয়ায় রাহুলকে ওপেন করতে হলো। তারপর বিজয় শঙ্করকে ওই জায়গায় খেলানো হলো। কিন্তু শঙ্করও চোট পেল। এগুলো তো আমাদের হাতে থাকে না।"
ভারতের হারের পর অনেকেই প্রশ্ন তুলেছেন, ময়ঙ্ক আগরওয়ালকে যখন নিয়ে যাওয়া হলো, তখন তাঁকে ওপেন করিয়ে রাহলকে তো চার নম্বরে খেলানো যেত। তার উত্তরে শাস্ত্রী বলেন, "এটা করা কঠিন ছিল। কারণ আমাদের হাতে আর ম্যাচ ছিল না। ময়ঙ্ক এমন সময়ে দলের সঙ্গে যোগ দেয়, তারপর পরীক্ষা করার যায়গা ছিল না। তারপর একটা অতিরিক্ত ম্যাচ থাকলেও আমরা চেষ্টা করে দেখতাম ওকে খেলানোর। অন্যদিকে রাহুল তো ওপেনে রান পাচ্ছিল। ওকে ওখান থেকে সরানোটাও চাপের ছিল।"
অবশ্য এই হারের পরে না ভেঙে পড়ে ভারতীয় দলকে মাথা উঁচু করে দেশে ফেরার পরামর্শ দিয়েছেন ভারতের কোচ। তাঁর কথায়, "মাথা উঁচু করে চলো। নিজেদের নিয়ে গর্ব করো। ৩০ মিনিটের জন্য তোমাদের টুর্নামেন্টের ভালো খেলা ব্যর্থ হয়ে যেতে পারে না। এই ৩০ মিনিট নিয়েই সব কিছু বিচার করা যায় না। কারণ, আমরা ভালো খেলেছি। যে দুটো দেশ বিশ্বকাপের ফাইনাল খেলছে, তাদের থেকে আমরা কম ম্যাচ হেরেছি। গত দু'বছরে তোমরা কী করেছ, তা নিয়ে গর্ব করো।"
তবে শাস্ত্রী যাই বলুন, দেশে ফিরে প্রশাসনিক কমিটির সামনে বসতে হবে তাঁকে। ঠিক কোন জায়গায় ভারত হারলো, তার জবাব দিতে হবে। তাঁর নিজের জায়গাটাও কিন্তু খুব একটা বেশি সুরক্ষিত নেই।