বিরাটরা ব্যস্ত প্রস্তুতিতে, মহাকালেশ্বর মন্দিরে পুজো দিলেন রবি শাস্ত্রী
দ্য ওয়াল ব্যুরো: ইনদোরে বাংলাদেশকে হারানোর পর থেকে ইডেনে দিন-রাতের টেস্টের প্র্যাকটিসে ব্যস্ত টিম ইন্ডিয়া। গোলাপি বলে ঘাম ঝরাচ্ছেন কোহলিরা। আর এর মধ্যেই পুজো দিয়ে এলেন ভারতের কোচ রবি শাস্ত্রী। গোলাপি বলের টেস্টে ভারতের সাফল্যের জন্যই শাস্ত্
শেষ আপডেট: 18 November 2019 14:40
দ্য ওয়াল ব্যুরো: ইনদোরে বাংলাদেশকে হারানোর পর থেকে ইডেনে দিন-রাতের টেস্টের প্র্যাকটিসে ব্যস্ত টিম ইন্ডিয়া। গোলাপি বলে ঘাম ঝরাচ্ছেন কোহলিরা। আর এর মধ্যেই পুজো দিয়ে এলেন ভারতের কোচ রবি শাস্ত্রী। গোলাপি বলের টেস্টে ভারতের সাফল্যের জন্যই শাস্ত্রীর এই পুজো বলে জানা গিয়েছে।
সোমবার মহাকালেশ্বর মন্দিরে পুজো দিতে যান শাস্ত্রী। সব নিয়মকানুন মেনে রীতিমতো যজ্ঞ করে পুজো দেন তিনি। সঙ্গে ছিলেন ভারতীয় দলের ব্যাটিং, বোলিং, ফিল্ডিং কোচ ও অন্যান্য সাপোর্ট স্টাফরা। সূত্রের খবর, ভারতের টেস্ট দলের সব ক্রিকেটারের নামে আলাদা আলাদা করে পুজো দিয়েছেন ভারতের কোচ। অর্থাৎ প্রস্তুতির সঙ্গে সঙ্গে এই নতুন পরীক্ষায় পাশ করার জন্য ভগবানের আশীর্বাদও নিয়ে রাখলেন ৫৭ বছরের রবি শাস্ত্রী। সোশ্যাল মিডিয়ায় শাস্ত্রীর এই পুজোর ভিডিও প্রকাশও হয়ে যায়।
https://twitter.com/manojkhandekar/status/1196073159377580038?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1196073159377580038&ref_url=https%3A%2F%2Fwww.timesnownews.com%2Fsports%2Fcricket%2Farticle%2Fvideo-ravi-shastri-offers-prayers-at-mahakaleshwar-temple-ahead-of-dn-test-vs-bangladesh-in-kolkata%2F516608
টেস্ট খেলিয়ে প্রথম সারির দেশগুলোর মধ্যে ভারতই একমাত্র দেশ যারা এখনও দিন-রাতের টেস্ট খেলেনি। ২০১৫ সাল থেকে এই টেস্ট শুরু হলেও এখনও পর্যন্ত দিন-রাতের টেস্টের সব প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন কোহলিরা। কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায় বিসিসিআই প্রেসিডেন্ট হওয়ার পরেই এই দিন-রাতের টেস্ট খেলার প্রস্তাব দেন বিরাট কোহলিকে। বিরাটও রাজি হয়ে যান। তারপরেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এই প্রস্তাব দেওয়া হয়। তারাও রাজি হয়ে যায়। ফলে শুক্রবার দেশের মাটিতে প্রথম দিন-রাতের টেস্ট খেলতে ইডেনে নামছে টিম ইন্ডিয়া।

অবশ্য অনেকদিন আগে থেকেই এই টেস্ট খেলার প্রস্তুতি শুরু করে দিয়েছেন কোহলিরা। বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে প্র্যাকটিস করেছেন রাহাণে, পূজারারা। ইনদোরেও প্রতিটি প্র্যাকটিস সেশনে শেষ এক ঘণ্টা গোলাপি বলে প্রস্তুতি নিতেন কোহলিরা। কোনওভাবেই হালকাভাবে নেননি এই ম্যাচকে। এই ঐতিহাসিক ম্যাচ উপলক্ষ্যে ইতিমধ্যে সেজে উঠেছে ইডেন গার্ডেন্সও। এখন দেখার দেশের মাটিতে প্রথম দিন-রাতের টেস্টে কী রকম খেলা দেখান কোহলিরা।