ভারতীয় ক্রিকেটের 'দ্য ওয়াল' এ বার আইসিসি 'হল অফ ফেমে'
দ্য ওয়াল ব্যুরো : দল যখনই বিপদে পড়েছে একার কাঁধে দলকে বাচিয়েছেন। সে সবুজ উইকেটে প্রথম দিনে ব্রেট লি, ডোনাল্ডদের বিধ্বংসী অ্যাটাক ভোঁতা করা হোক কিংবা পঞ্চম দিনের ঘূর্ণি উইকেটে মুরলিথরন, শেন ওয়ার্নদের সামলানো। আর তাই তো ভারতের 'দ্য ওয়াল' ত
শেষ আপডেট: 1 November 2018 14:02
দ্য ওয়াল ব্যুরো : দল যখনই বিপদে পড়েছে একার কাঁধে দলকে বাচিয়েছেন। সে সবুজ উইকেটে প্রথম দিনে ব্রেট লি, ডোনাল্ডদের বিধ্বংসী অ্যাটাক ভোঁতা করা হোক কিংবা পঞ্চম দিনের ঘূর্ণি উইকেটে মুরলিথরন, শেন ওয়ার্নদের সামলানো। আর তাই তো ভারতের 'দ্য ওয়াল' তিনি। এ বার সেই ওয়ালের মুকুটে যোগ হলো নতুন পালক। আইসিসি'র 'হল অফ ফেম' সম্মান পেলেন এই কিংবদন্তি।
বৃহস্পতিবার তিরুবনন্তপুরমে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের পঞ্চম ওয়ান ডে ম্যাচ শুরুর আগে ভারতের 'দ্য ওয়ালের' হাতে এই সম্মান তুলে দেন আরেক কিংবদন্তি সুনীল গাভাসকর৷ হল অফ ফেমে পঞ্চম ভারতীয় হিসেবে নাম লিখিয়ে ফেললেন দ্রাবিড়৷ এর আগে এই সম্মান পেয়েছেন বিষেণ সিং বেদী, সুনীল গাভাসকার, কপিল দেব ও অনিল কুম্বলে।
২ জুলাই আইসিসি’র পক্ষ থেকে ভারতের প্রাক্তন ব্যাটসম্যান রাহুল দ্রাবিড়, প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিং ও ব্রিটিশ মহিলা ক্রিকেটার ক্লেয়ার টেলারকে হল অফ ফেম ঘোষণা করা হয়৷ বৃহস্পতিবার সেই সম্মান তুলে দেওয়া হল দ্রাবিড়ের হাতে৷
https://twitter.com/BCCI/status/1057915416025034752
দেশের হয়ে ওয়ান ডে ও টেস্ট দুই ফর্ম্যাটেই দশ হাজারের বেশি রান রয়েছে দ্য ওয়ালের৷ ১৬৪ টেস্টে ১৩ হাজার ২৮৮ রান করেছেন দ্রাবিড়। আছে ৩৬ টি সেঞ্চুরি ও ৬৩ টি হাফ সেঞ্চুরি। একদিনের ক্রিকেটে ৩৪৪ ম্যাচে করেছেন ১০ হাজার ৮৮৯ রান। আছে ১২ টি সেঞ্চুরি।
ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর এই মূহূর্ত ভারতের সিনিয়র ক্রিকেটের সাপ্লাই লাইন তৈরির কাজ করে চলেছেন দ্রাবিড়৷ ইন্ডিয়া এ ও অনূর্ধ্ব ১৯ দলের কোচ রাহুল দ্রাবিড়। তাঁর মতো জহুরির চোখ থেকেই বেড়িয়েছে পৃথ্বী শ, ঋষভ পন্থের মতো প্রতিভা৷ নিজে বিশ্বাস করতেন কথায় নয়, ব্যাটে সব জবাব দেবেন। তাঁর ছাত্র হিসেবে পৃথ্বী, ঋষভরাও সেই লক্ষ্য নিয়েই চলেন। তাই এত অল্প বয়সেই জায়গা হয়েছে ভারতীয় দলে।
ক্রিকেটার হিসেবে বিশ্বকাপ জয়ের স্বাদ না পেলেও কোচ হিসেবে সেই নজির গড়েছেন দ্রাবিড়৷ ভারতের অনূর্ধ্ব ১৯ দলের কোচ হিসেবে বিশ্বকাপ জিতে ফেলেছেন তিনি৷ তাঁর কোচিংয়ে ২০১৮ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছে পৃথ্বী অ্যান্ড কোম্পানি৷
হল অফ ফেম পুরস্কার পেয়ে দ্রাবিড় বলেন, " এটা আমার কাছে খুবই সম্মানের। বিশ্বের সমস্ত শ্রেষ্ঠ ক্রিকেটারদের তালিকায় যুক্ত হওয়ার স্বপ্ন দেখেই হয়তো অল্প বয়স থেকে একটা ছেলে ক্রিকেট খেলতে শুরু করে। " এই সম্মানের জন্য বিসিসিআই ও আইসিসি'র তরফে শুভেচ্ছা জানানো হয়েছে রাহুল দ্রাবিড়কে।
https://twitter.com/BCCI/status/1057903570542985216
ভারতের যে সব ক্রিকেটার হল অফ ফেম পুরস্কার পেয়েছেন-
বিষেণ সিং বেদী ( ২০০৯ )
সুনীল গাভাসকার ( ২০০৯ সাল )
কপিল দেব ( ২০১০ সাল )
অনিল কুম্বলে ( ২০১৫ সাল )
রাহুল দ্রাবিড় ( ২০১৮ )