দ্য ওয়াল ব্যুরো : নিজের ক্রিকেট কেরিয়ারে যে ভাবে একদিকে দেওয়ালের মতো দাঁড়িয়ে থেকে দলকে আগলে রাখতেন, সেই ভূমিকা খেলা ছাড়ার পরেও পালন করে চলেছেন রাহুল দ্রাবিড়। ভারতের অনুর্ধ্ব ১৯ ও ইন্ডিয়া এ দলের হেডকোচ তো ছিলেনই, এ বার ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিরও হেডকোচ করা হলো ভারতের এই প্রাক্তন অধিনায়ককে।
বিসিসিআই সোমবারই দ্রাবিড়কে এই দায়িত্ব দিয়েছে। বোর্ডের তরফে জানানো হয়েছে, বেঙ্গালুরুতে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির দায়িত্ব এ বার থেকে সামলাবেন দ্রাবিড়। হেডকোচ ছাড়াও বেশ কিছু দায়িত্ব তাঁকে সামলাতে হবে। অ্যাকাডেমিতে যাওয়া ক্রিকেটারদের খেলার উন্নতি ছাড়াও সেখানে থাকা কোচ ও সাপোর্ট স্টাফদেরও মোটিভেট করতে হবে দ্রাবিড়কে। তাহলে বিভিন্ন রাজ্যের দায়িত্বে থাকা কোচেরা আরও ভালো কোচিং করাতে পারবেন।
যেহেতু ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে শুধু উঠতি ক্রিকেটার নয়, ভারতীয় দলে খেলা ক্রিকেটাররাও প্র্যাকটিসের জন্য যান, তাই ভারতের পুরুষ ও মহিলা দলের হেডকোচের সঙ্গে সরাসরি যোগাযোগ থাকবে দ্রাবিড়ের। কোনও ক্রিকেটারের ব্যাপারে তিনি রবি শাস্ত্রী ও ডাবলু ভি রমনের সঙ্গে সরাসরি আলোচনা করতে পারবেন।
বোর্ডের তরফে জানানো হয়েছে, এর আগে যে অনুর্ধ্ব ১৯ ও ভারতীয় এ দলের কোচিং তিনি করাতেন, সেই দায়িত্বও তাঁর থাকবে। অর্থাৎ একসঙ্গে তিন দায়িত্ব পালন করতে হবে রাহুলকে। দ্রাবিড়কে অবশ্য এই প্রস্তাব অনেক আগেই দিয়েছিল বোর্ড। তখন তিনি বলেছিলেন, এতগুলো দায়িত্ব নেওয়ার আগে একটু ভেবে দেখতে চান। তারপরেই বোর্ডকে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন ৪৬ বছর বয়সী এই ক্রিকেটার। আর তারপরেই বোর্ড ঘোষণা করে দেয় সে কথা।