
শেষ আপডেট: 25 August 2019 12:46
বাসেলে ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনালে নামার আগে বেশ কিছুটা চাপে ছিলেন সিন্ধু। কারণ এর আগে বেশ কয়েকটি টুর্নামেন্টের ফাইনালে উঠে হারতে হয়েছে তাঁকে। কখনও স্পেনের ক্যারোলিনা মারিন, তো কখনও জাপানের নাজোমি ওকুহারা, সেকেন্ড হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে সিন্ধুকে।
কিন্তু রবিবার ম্যাচের শুরু থেকেই ফোকাসড ছিলেন সিন্ধু। প্রতিপক্ষ ওকুহারাকে দাঁড়াতেই দেননি তিনি। প্রথম সেট ২১-৭ ব্যবধানে জেতেন ভারতের এক নম্বর শাটলার। দ্বিতীয় সেটেও একই ছবি। ওকুহারার বিরুদ্ধে এ দিন লম্বা র্যালির স্ট্রাটেজিতে খেলছিলেন সিন্ধু। আর এই লম্বা র্যালি খেলার ফলেই ক্লান্ত হয়ে পড়েন ওকুহারা। সেই সঙ্গে এ দিন সিন্ধুর কোর্ট কভারেজও ছিল দেখার মতো। দ্বিতীয় সেটও একতরফা ২১-৭ ব্যবধানে জিতে যান সিন্ধু।
২০১৭ ও ২০১৮ সালের পর লাগাতার তৃতীয় বার বিশ্বচ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠেন সিন্ধু। আগের দু'বার হারলেও এ বার জয় ছিনিয়ে নিলেন তিনি। এই প্রথম কোনও ভারতীয় শাটলার ব্যাডমিন্টনের বিশ্বচ্যাম্পিয়ন হলেন। সেইসঙ্গে চিনের ঝাং নিং-এর রেকর্ড স্পর্শ করলেন সিন্ধু। এই নিয়ে বিশ্বচ্যাম্পিয়নশিপে পাঁচটি মেডেল জিতলেন সিন্ধু যা কোনও মহিলা ব্যাডমিন্টন প্লেয়ারের পক্ষে সর্বোচ্চ।
