দ্য ওয়াল ব্যুরো: আগের দিন বাংলাদেশের কাছে বড় ব্যবধানে হার মানতে হয়েছিল শ্রীলঙ্কাকে। এশিয়া কাপের দ্বিতীয় দিনেও এক ছবি। হংকংকে হেলায় হারিয়ে নিজেদের অভিযান শুরু করল পাকিস্তান।
সংযুক্ত আরব আমীরশাহীকে হারিয়ে মূলপর্বে খেলার ছাড়পত্র আদায় করে নিলেও এশিয়া কাপের শুরুটা মনে রাখার মতো হল না হংকংয়ের৷ পাকিস্তানের বিরুদ্ধে গ্রুপ-এ’র ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে বড় রানের ইনিংস গড়তে ব্যর্থ অংশুমান রাথরা৷
শুরু থেকে ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকে হংকংয়ের। পাকিস্তানের আঁটোসাটো বোলিংয়ের সামনে সুবিধা করে উঠতে পারেনি হংকংয়ের ব্যাটিং৷ ফলে ৩৭.১ ওভারে মাত্র ১১৬ রানে অলআউট হয়ে যায় তারা৷
ওপেনার নিজাকত খান মহম্মদ আমিরের প্রথম ওভারেই দু’টি বাউন্ডারির সাহায্যে ১১ রান তোলেন৷ ইতিবাচক শুরু হলেও নিজাকত ব্যক্তিগত ১৩ রানে রান আউট হতেই একের পর এক উইকেট পড়তে থাকে হংকংয়ের৷ অধিনায়ক অংশুমান আউট হন ১৯ রান করে৷
দলের হয়ে সর্বোচ্চ ২৭ রান করেন আইজাজ খান৷ কিঞ্চিৎ শাহ করেন ২৬ রান৷ এছাড়া বাবর হায়াত ৭, ক্রিস কার্টার ২, এহসান নওয়াজ ৯ ও নদিম আহমেদ অপরাজিত ৯ রান যোগ করেন দলের ইনিংসে৷ খাতা খুলতে পারেননি এহসান খান, স্কট ম্যাককেচনি ও তনবির আফজল৷
পাকিস্তানের হয়ে ১৯ রানে ৩ উইকেট নেন উসমান খান৷ দু’টি করে উইকেট নিয়েছেন হাসান আলি ও শাদাব খান৷ একটি উইকেট ফহিম আশরফের৷ হংকংয়ের দু’জন ব্যাটসম্যান রানআউট হয়েছেন৷
১১৭ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে দুই ওপেনার ফাকার জামান ও ইমাম-উল-হক দুরন্ত শুরু করেন। ব্যক্তিগত ২৪ রানের মাথায় ফাকার জামান আউট হলেও নিজের খেলা চালিয়ে যান ইমাম-উল-হক। তাঁর সঙ্গে জুটি বাঁধেন বাবর আজম। ইমাম শেষ পর্যন্ত ৫০ রান করে নট আউট থাকেন। বাবর আজম ৩৩ রান করে আউট হন। শোয়েব মালিক ৯ রান করে অপরাজিত থাকেন। মাত্র ২৩.৪ ওভারে ২ উইকেট হারিয়ে ম্যাচ জিতে যায় পাকিস্তান।
এই জয়ের ফলে দুরন্ত ভাবে এশিয়া কাপ অভিযান শুরু করল পাক ক্রিকেট দল। এরপর তাঁদের সামনে ভারত। বুধবার মুখোমুখি হবে ভারত-পাকিস্তান।