
শেষ আপডেট: 27 January 2019 16:27
প্রথম সেট সহজেই ৬-৩ ব্যবধানে নিজের নামে করে নেন জোকার। সমর্থকরা ভেবেছিলেন, দ্বিতীয় সেটে ঠিক ফিরে আসবেন নাদাল। কিন্তা তা হলো না। সেই এক খেলা। ক্রমশই যেন খেলা থেকে হারিয়ে গেলেন ১৭টি গ্র্যান্ড স্ল্যামের মালিক। দ্বিতীয় সেট ৬-২ ব্যবধানে জিতলেন জকোভিচ। তৃতীয় সেটে অবশ্য ফিরে আসার সুযোগ ছিল। একটা সময়ে ২-৩ ফলে এগিয়ে ছিলেন রাফা। কিন্তু তারপর পরপর চারটি গেম জিতে সেট নিজের নামে করলেন সার্বিয়ান জকোভিচ। সেই সঙ্গে সাত নম্বর অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন তিনি। কেরিয়ারে গ্র্যান্ড স্ল্যামের সংখ্যা দাঁড়ালো ১৫।
দিনটা একেবারেই ছিল না নাদালের। ম্যাচের পর সে কথা স্বীকারও করে নেন রাফা। জকোভিচকে এই দুরন্ত কামব্যাকের জন্য শুভেচ্ছাও জানান স্প্যানিশ মায়েস্ত্রো। অন্যদিকে জকোভিচের আনন্দ তখন সপ্তম আকাশে। অনেকদিন পরে জয়ের স্বাদ পেয়ে সেই পুরনো জোকারকে দেখল রড লেভার এরিনা।
এ দিনের জয়ের পরেই ফের র্যাঙ্কিংয়ে এক নম্বরে চলে এলেন জকোভিচ। তাঁর এ দিনের জয় শুধুমাত্র জয় ছিল না, ছিল টেনিস দুনিয়ার সামনে এক স্টেটমেন্ট। তিনি বুঝিয়ে দিলেন, টেনিসে ফের রাজ করতে ফিরেছেন তিনি। আবার দেখা যাবে সেই আগ্রাসন।