দ্য ওয়াল ব্যুরো: দ্বিতীয় দিনেও ব্যাটিং ব্যর্থতা বজায় থাকল ভারতের। বল হাতেও নিষ্প্রভ দেখাল বুমরাহকে। কিউয়ি ব্যাটসম্যানদের মাঝেমধ্যেই সমস্যায় ফেললেন ইশান্ত শর্মা। ফের ব্যাট হাতে সফল কেন উইলিয়ামসন। তাঁর ব্যাটে ভর করেই দ্বিতীয় দিনে ভারতের থেকে এগিয়ে গেল নিউজিল্যান্ড। প্রথম টেস্টেই চাপে বিরাটরা।
আগের দিনের ১২২ রান থেকে ব্যাট করতে নেমে এদিন শুরুতেই রানআউট হন ঋষভ পন্থ। রাহাণে কিছুটা চেষ্টা করলেও ৪৬ রানের মাথায় টিম সাউদির বলে আউট হন। শেষদিকে কিছুটা মেরে খেলেন মহম্মদ শামি। তাঁর ২১ রানের সুবাদেই দেড়শ পার করে ভারত। মাত্র ১৬৫ রানে শেষ হয়ে যায় ভারতের প্রথম ইনিংস। নিউজিল্যান্ডের হয়ে টিম সাউদি ও কাইল জেমিসন ৪টি করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে টম ল্যাথামের উইকেট জলদি হারায় নিউজিল্যান্ড। কিন্তু অধিনায়ক কেন উইলিয়ামসনের সঙ্গে পার্টনারশিপ গড়েন টম ব্লান্ডেল। বিরাট ব্যর্থ হলেও নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে খেলেন উইলিয়ামসন। তাঁকে দেখে মনেই হচ্ছিল না, এই পিচে ব্যাট করা এমন কিছু কঠিন কাজ।
ব্লান্ডেল ৩০ করে আউট হলেও নিজের খেলা চালিয়ে যান উইলিয়ামসন। তাঁকে সঙ্গ দেন ওয়ান ডে সিরিজে দুরন্ত ফর্মে থাকা রস টেলর। হাফসেঞ্চুরির থেকে মাত্র ৬ রান দূরে ৪৪ রানের মাথায় আউট হন টেলর। প্রথম তিনটি উইকেটই নেন ইশান্ত শর্মা। হেনরি নিকোলস ১৭ রান করে অশ্বিনের শিকার হন। দ্বিতীয় দিনের শেষের দিকে ৮৯ রানের মাথায় উইলিয়ামসনকে আউট করে ভারতকে ম্যাচে কিছুটা সুযোগ করে দেন মহম্মদ শামি।
দ্বিতীয় দিনের শেষে নিউজিল্যান্ডের রান ৫ উইকেটে ২১৬। ভারতের থেকে ৫১ রানে এগিয়ে তারা। তৃতীয় দিন শুরুতেই ভারত চাইবে নিউজিল্যান্ডের বাকি ব্যাটিংকে শেষ করতে। কিন্তু সবুজ উইকেটে ১৮ ওভার হাত ঘুরিয়েও কোনও উইকেট পাননি বুমরাহ। দলের প্রধান স্ট্রাইক বোলারের অফ ফর্ম ভাবাচ্ছে বিরাটকে।