বিধ্বংসী রোহিত, বিরাটদের ভুলে ম্যাচে ফিরল নিউজিল্যান্ড
দ্য ওয়াল ব্যুরো: আগের দুই ম্যাচে রান পাননি ভারতের ওপেনার রোহিত শর্মা। কিন্তু তৃতীয় টি ২০ ম্যাচে হ্যামিলটনে জ্বলে উঠলেন তিনি। রোহিতের দুরন্ত হাফসেঞ্চুরির পরেও বিশাল রান করতে পারল না ভারত। ভারতীয় ম্যানেজমেন্টের কিছু ভুল সিদ্ধান্ত ও কিউয়ি বোলা
শেষ আপডেট: 29 January 2020 08:28
দ্য ওয়াল ব্যুরো: আগের দুই ম্যাচে রান পাননি ভারতের ওপেনার রোহিত শর্মা। কিন্তু তৃতীয় টি ২০ ম্যাচে হ্যামিলটনে জ্বলে উঠলেন তিনি। রোহিতের দুরন্ত হাফসেঞ্চুরির পরেও বিশাল রান করতে পারল না ভারত। ভারতীয় ম্যানেজমেন্টের কিছু ভুল সিদ্ধান্ত ও কিউয়ি বোলারদের নিয়ন্ত্রিত বোলিং ম্যাচে ফেরাল তাদের। শেষদিকে কিছু বড় শট খেললেন বিরাট কোহলি ও মনীশ পাণ্ডে। শেষ পর্যন্ত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৯ রান করল ভারত।
এদিন টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠান নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ছিলেন রোহিত। অন্যদিকে নিজের সাবলীল খেলা খেলছিলেন রাহুল। পাওয়ার প্লের শেষ ওভারে ২৭ রান ওঠে। তিনটি ছক্কা ও দুটি চার মারেন রোহিত। বেনেটকে ছক্কা মেরে ২৩ বলে নিজের হাফসেঞ্চুরি পূর্ণ করেন তিনি।
ভারতকে প্রথম ধাক্কা দেন কলিন ডি গ্র্যান্ডহোম। লোকেশ রাহুলকে ২৭ রানের মাথায় আউট করেন তিনি। তারপরেই ভুল করে টিম ম্যানেজমেন্ট। তিন নম্বরে ব্যাট করতে পাঠান তরুণ শিবম দুবেকে। শুরুতে ব্যাটে-বলে হচ্ছিল না দুবের। কয়েকটা বল ডট যাওয়ায় চাপ বাড়ে। বড় শট খেলতে গিয়ে ৬৫ রানের মাথায় বেনেটের বলেই আউট হন রোহিত। ওই ওভারেই দুবেকেও আউট করেন বেনেট।

তিন উইকেট পড়ে যাওয়ার পর পার্টনারশিপ গড়েন বিরাট কোহলি ও শ্রেয়স আইয়ার। সিঙ্গল, ডবলসে রান তুলছিলেন তাঁরা। মাঝেমধ্যে বাউন্ডারি আসছিল। সেই সময় স্টাম্প মাইকে ধরা পড়ে, কোহলি আইয়ারকে বলছেন, এই মাঠে ১৬৫ অনেক রান।
শেষদিকে অবশ্য কয়েকটা বড় শট খেলেন দুই ব্যাটসম্যান। ১৭ রানের মাথায় স্যান্টনারের বলে স্টাম্প হন আইয়ার। ৩৮ করে বেনেটের বলেই আউট হন কোহলি। শেষ দুই ওভারে কিছুটা রান করেন মনীশ পাণ্ডে ও রবীন্দ্র জাদেজা। শেষ পর্যন্ত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৯ রানে শেষ হয়ে বিরাটদের ইনিংস। পাণ্ডে ১৪ ও জাদেজা ১০ করে অপরাজিত থাকেন।
অর্থাৎ জয়ের জন্য ১৮০ রান করতে হবে নিউজিল্যান্ডকে। পিচে বোলারদের জন্য কিছু সুবিধা রয়েছে। বিশেষ করে স্পিনারদের জন্য। এখন দেখার রান ডিফেন্ড করতে গিয়ে শুরুটা কেমন করেন শামি, বুমরাহরা।