দ্য ওয়াল ব্যুরো: টি ২০ বিশ্বকাপ বাতিল ঘোষণার পরেই জানানো হয়েছে সেপ্টেম্বর মাসে শুরু হবে আইপিএল। কোনও কাটছাঁট হবে না টুর্নামেন্টে। অর্থাৎ পুরো টুর্নামেন্ট হবে বলেই জানিয়েছেন আইপিএলের গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ পটেল। এই টুর্নামেন্ট খেলার জন্য নিউজিল্যান্ডের ক্রিকেটারদের অনুমতি দিল সেদেশের বোর্ড। কিন্তু তাদের নিজেদের স্বাস্থ্যের খেয়াল নিজেদেরই রাখতে হবে বলে জানিয়েছে তারা।
আইপিএলে নিউজিল্যান্ডের ছ’জন ক্রিকেটার খেলেন। তাঁরা হলেন, কেন উইলিয়ামসন (সানরাইজার্স হায়দরাবাদ), জেমস নিশাম (কিংস ইলেভেন পঞ্জাব), লকি ফার্গুসন (কলকাতা নাইট রাইডার্স), মিচেল স্যান্টনার (চেন্নাই সুপারকিংস), মিচেল ম্যাকক্লেনাঘন ও ট্রেন্ট বোল্ট (মুম্বই ইন্ডিয়ান্স)। এই ছ’জন ক্রিকেটারকে খেলার জন্য নো অবজেকশন সার্টিফিকেট দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট।
নিউজিল্যান্ড ক্রিকেটের মুখপাত্র রিচার্ড বুক জানিয়েছেন, “আইপিএলের ক্ষেত্রে নিউজিল্যান্ড ক্রিকেটের তরফে ক্রিকেটারদের নো অবজেকশন সার্টিফিকেট দেওয়া হয়েছে। তাঁরা খেলবেন কিনা, সেই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ক্রিকেটারদের উপরেই নির্ভর করছে।”
সূত্রের খবর, ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা আইপিএল। সম্ভবত দুবাইতেই হবে এই টুর্নামেন্ট। নিউজিল্যান্ড ক্রিকেটের তরফে জানানো হয়েছে, প্লেয়ারদের জন্য একটা নির্দিষ্ট স্বাস্থ্যবিধি তৈরি করা হয়েছে। তবে তা মেনে চলতে হবে ক্রিকেটারদের। রিচার্ড বুক বলেন, “হ্যাঁ, ক্রিকেটারদের প্রত্যেককে এনওসি দেওয়া হয়েছে। আমরা আমাদের তরফে যতটা পারি, সেই তথ্য ক্রিকেটারদের জানিয়ে দেব। কিন্তু তারপরে বাকিটা ক্রিকেটারদের কাঁধেই রয়েছে। নিজেদের ভাল রাখার ব্যবস্থা তাঁদেরকেই করতে হবে।”
কয়েক দিন আগেই আইপিএলের সেফটি প্রোটোকল নিয়ে প্রশ্ন তুলেছিলেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। কিন্তু বর্তমানে যেহেতু আইপিএল ভারত থেকে দুবাইয়ে সরিয়ে দেওয়া হয়েছে, তাই হয়তো খুব একটা আপত্তি থাকবে না নিউজিল্যান্ডের ক্রিকেটারদের। কারণ, দুবাইতে ভারতের থেকে সংক্রমণ অনেকটাই কম।
আইপিএল নিয়ে অবশ্য কোনও মন্তব্য করেননি নিউজিল্যান্ড ক্রিকেট। বুক জানিয়েছেন, “আইপিএল ভারতে হোক, কিংবা দুবাইয়ে সেটা নিয়ে নিউজিল্যান্ড ক্রিকেটের কোনও সমস্যা নেই। সেটা আমাদের আওতায় নেই। আমরা জানি, ভারতে নিউজিল্যান্ড এ দলের যে সিরিজ ছিল তা হচ্ছে না। এটা দুই দেশের বোর্ডের যৌথ সিদ্ধান্তেই নেওয়া হয়েছে।”
তবে শুধুমাত্র ক্রিকেটার নয়, আইপিএলে নিউজিল্যান্ডের অনেক প্রাক্তন ক্রিকেটারও রয়েছেন। যেমন চেন্নাই সুপারকিংসের হেড কোচ স্টিফেন ফ্লেমিং, মুম্বই ইন্ডিয়ান্সের বোলিং কোচ শেন বন্ড, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হেড কোচ মাইক হেসেন প্রভৃতি। এছাড়াও ধারাভাষ্য দেওয়ার জন্য অনেক প্রাক্তন ক্রিকেটারও আইপিএলে যোগ দেন। তাঁদের বিষয়ে অবশ্য কিছু জানায়নি নিউজিল্যান্ড ক্রিকেট।