করোনা নিয়ে প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি, অস্ট্রেলিয়া থেকে ফিরল নিউজিল্যান্ড টিম
দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচ খেলেছে নিউজিল্যান্ড। রবিবার ছিল দ্বিতীয় ম্যাচ। কিন্তু শনিবারই অস্ট্রেলিয়া ছাড়ল তারা। করোনা ভাইরাস নিয়ে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর জারি করা এক ব
শেষ আপডেট: 14 March 2020 08:13
দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচ খেলেছে নিউজিল্যান্ড। রবিবার ছিল দ্বিতীয় ম্যাচ। কিন্তু শনিবারই অস্ট্রেলিয়া ছাড়ল তারা। করোনা ভাইরাস নিয়ে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর জারি করা এক বিবৃতির জন্যই সিরিজের মাঝপথেই দেশে ফিরে আসতে হল কেন উইলিয়ামসনদের।
শুক্রবার রাতেই নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডের্ন জানিয়েছেন, রবিবার মধ্যরাতের পর থেকে যাঁরা অন্য দেশ থেকে নিউজিল্যান্ডে আসবেন, তাঁদের প্রথম ১৪ দিন নিজেদের আইসোলেশনে রাখতে হবে। এই কথা শোনার পরেই নিউজিল্যান্ডে ম্যানেজমেন্ট ঠিক করে শনিবারই দেশে ফিরে যাবে তারা। সেইমতো ক্রিকেট অস্ট্রেলিয়াকে সে কথা জানিয়ে দেয় তারা।
ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে একটা বিবৃতি জারি করে জানানো হয়েছে, "নিউজিল্যান্ড সরকারের নির্দেশিকার পরে ক্রিকেট দল দেশে ফিরে যাচ্ছে। অর্থাৎ দু'দেশের মধ্যে বাকি দুই ওয়ান ডে ম্যাচ ও তিন ম্যাচের টি ২০ সিরিজ এই মুহূর্তে বাতিল করা হল। এই সব ম্যাচ কবে হবে তা দু'দেশের ক্রিকেট বোর্ড পরে নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করে নেবে।
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জানিয়েছেন, ১৬ দিন পরে ফের এই নির্দেশিকা নিয়ে আলোচনা করা হবে। তারপর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। ইতিমধ্যেই এই দেশে করোনা ভাইরাসে ৬ জন আক্রান্ত হয়েছে বলে খবর। যদিও কারও মৃত্যু হয়নি।
শুক্রবার সিডনিতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যে যে ম্যাচ হয়েছিল তা দর্শকশূন্য স্টেডিয়ামেই খেলা হয়েছে। এই ম্যাচের পরেই কিউয়ি পেস বোলার লকি ফার্গুসনের শরীর খারাপ হয়। তাঁর করোনা ভাইরাসের পরীক্ষা করে দেখা হয়েছে। এই মুহূর্তে তাঁকে আইসোলেশনে রাখা হয়েছে। করোনা আক্রান্ত হয়েছেন অজি পেসার কেন রিচার্ডসনও। তাঁকেও রাখা হয়েছে আইসোলেশনে।