নেস ওয়াদিয়ার জেল, নির্বাসনের খাঁড়া কি কিংস ইলেভেন পঞ্জাবের ঘাড়ে!
দ্য ওয়াল ব্যুরো: নিষিদ্ধ ড্রাগ সমেত ধরা পড়ায় শিল্পপতি তথা কিংস ইলেভেন পঞ্জাবের অন্যতম মালিক নেস ওয়াদিয়াকে দু'বছরের জেলের সাজা শুনিয়েছে জাপানের আদালত। পরে অবশ্য সাজা বাড়িয়ে পাঁচ বছর করা হয়েছে। আর প্রীতি জিন্টার প্রাক্তন প্রেমিকের এই জেলের
শেষ আপডেট: 1 May 2019 20:40
দ্য ওয়াল ব্যুরো: নিষিদ্ধ ড্রাগ সমেত ধরা পড়ায় শিল্পপতি তথা কিংস ইলেভেন পঞ্জাবের অন্যতম মালিক নেস ওয়াদিয়াকে দু'বছরের জেলের সাজা শুনিয়েছে জাপানের আদালত। পরে অবশ্য সাজা বাড়িয়ে পাঁচ বছর করা হয়েছে। আর প্রীতি জিন্টার প্রাক্তন প্রেমিকের এই জেলের সাজার প্রভাব পড়তে পারে কিংস ইলেভেন পঞ্জাবের উপর। এমনকী চলতি মরসুমের জন্য নির্বাসিত হতে পারে পঞ্জাবের এই দল। এমনটাই শোনা যাচ্ছে বিসিসিআইয়ের তরফে।
আইপিএল-এর নিয়ম অনুযায়ী যদি কোনও দলের মালিকের কোনও কাজের ফলে সেই দল, আইপিএল কিংবা ভারতীয় ক্রিকেটের অসম্মান হয়, তাহলে সেই মালিক ও দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে আইপিএল-এর গভর্নিং বডি। তবে তার জন্য প্রথমে আইপিএল-এর গভর্নিং বডির কাছে সেই বিষয়টি পাঠাতে হবে। তারপরে গভর্নিং বডি বিষয়টি পাঠাবে অম্বুডসম্যানের কাছে। তারপরেই এই বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হবে। এই একই ভাবে আইপিএল-এর দুই দল চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসকে দু'বছরের জন্য নির্বাসিত করেছিল বোর্ড।
বোর্ডের এক কর্তার কথায়, "কিংস ইলেভেন পঞ্জাবের অন্যতম মালিকের বিরুদ্ধে ফৌজদারী মামলা হওয়ায় দলকে শাস্তি পেতে হতে পারে। লোধা কমিটি চেন্নাই সুপার কিংসকে নির্বাসিত করেছিল, কারণ দলের মালিক ম্যাচ গড়াপেটায় যুক্ত ছিল। এক্ষেত্রে আমরা এমন একজন মালিককে দেখছি যিনি ড্রাগ নিয়ে ধরা পড়েছেন। যদি তিনি ক্রিকেট বোর্ডের সঙ্গে যুক্ত থাকতেন, তাহলে সঙ্গে সঙ্গে তাঁকে বরখাস্ত করা হতো।"
আইপিএল-এর নিয়মের ১৪ ( ২ ) নম্বর ধারা অনুযায়ী, কোনও দলের সঙ্গে যুক্ত ব্যক্তি যদি কোনও রকমের অপরাধমূলক কাজে যুক্ত থাকেন, কিংবা তাঁর বিরুদ্ধে ফৌজদারী মামলা থাকে, তাহলে দেখা হবে, তাঁর এই কাজের কোনও নেতিবাচক প্রভাব আইপিএল কিংবা ভারতীয় ফুটবলের উপর পড়ছে কিনা। যদি সে রকমের কোনও সম্ভাবনা তৈরি হয়, তাহলে তাঁকে সঙ্গে সঙ্গে শাস্তি দেওয়া হবে। শুধু তাঁকে নয়, যে দলের সঙ্গে তিনি যুক্ত, সেই দলকেও শাস্তি পেতে হতে পারে। এই একই ধারায় চেন্নাই মালিক গুরুনাথ মেইয়াপ্পন ও রাজস্থান মালিক রাজ কুন্দ্রাকে সব ধরণের খেলা থেকে নির্বাসিত করা হয় ও দুটি ক্লাবকেও দু'বছরের জন্য নির্বাসিত করা হয়।
বিসিসিআই সূত্রে খবর, সম্প্রতি বোর্ড মিটিংয়ে সিইও রাহুল জোহরি এই বিষয়ে কোনও মন্তব্য করেননি। বোর্ডের এক কর্তার কথায়, "২৪ ঘণ্টা হয়ে যাওয়ার পরেও এই বিষয়ে কেউ বোর্ডের কাছে কোনও অভিযোগ করেনি। কিন্তু এই পরিস্থিতিতে বোর্ড চাইলে নিজে থেকেও ব্যবস্থা নিতে পারে। তবে এই মরসুমের জন্য ব্যবস্থা নিতে গেলে যেটা করতে হবে তাড়াতাড়ি করতে হবে।"
সম্প্রতি ছুটি কাটাতে জাপানে গিয়েছিলেন ভারতের বিখ্যাত শিল্পপতি নুসলি ওয়াদিয়ার ছেলে নেস ওয়াদিয়া। কিন্তু সেখানেই ড্রাগ সমেত পুলিশের হাতে পাকড়াও হন ২৮৩ বছরের পুরনো ওয়াদিয়া গ্রুপের উত্তরসূরী। উত্তর জাপানের হোক্কাইডো দ্বীপের নিউ চিতোস বিমানবন্দর থেকে চলতি বছর ২০ মার্চ তাঁকে গ্রেফতার করে পুলিশ। তারা জানায়, নেস ওয়াদিয়ার প্যান্টের পকেট থেকে উদ্ধার হয় ২৫ গ্রাম ড্রাগ (ক্যানাবিস রেজিন)। পুলিশের দাবি, জেরায় নেস স্বীকার করেন যে ব্যক্তিগত ব্যবহারের জন্যই এই ড্রাগ নিজের কাছে রেখেছিলেন তিনি। এরপর দীর্ঘদিনের জন্য তাঁকে আটকে রাখে জাপান পুলিশ।
আরও পড়ুন
https://www.four.suk.1wp.in/news-sports-iker-kasijlas-hospitalised-after-heart-attack-on-training-ground/