দ্য ওয়াল ব্যুরো : মহেন্দ্র সিং ধোনি ছুটছেন। পিছনে ধাওয়া করছেন যজুবেন্দ্র চাহাল। নাহ, পারলেন না। চাহালকে এড়িয়ে প্যাভিলিয়নে ঢুকে গেলেন ধোনি। কিন্তু কেন হঠাৎ মাহির এই ছোটা। কী জন্যই বা ধাওয়া করছিলেন চাহাল? সবটাই বোঝা গেল খানিক পরে।
কিছুক্ষণ আগেই নিউজিল্যান্ডকে পঞ্চম ওয়ান ডেতে হারিয়ে ৪-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে ভারত। ট্রফিও হাতে উঠেছে। দলের তরুণ খেলোয়াড়রা সেই ট্রফি নিয়ে ক্যামেরার সামনে পোজও দিচ্ছেন। হঠাৎ দেখা গেল প্রাণপণে ছুটছেন ধোনি, পিছনে চাহাল। অনেক চেষ্টা করেও মাহিকে ধরতে পারলেন না চাহাল। ফিরে এলেন খালি হাতেই।
https://twitter.com/WastingBalls/status/1092007092481810433
তারপরেই বোঝা গেল আসল ঘটনা। ম্যাচ শেষে তখন 'চাহাল টিভি'তে সাক্ষাৎকারের সময় হয়েছে যে। আর এই সাক্ষাৎকারের জন্য অম্বাতি রায়ুডুকে তো পাকড়াও করে ফেলেছিলেন ভারতের এই লেগ স্পিনার। কিন্তু তিনি চেয়েছিলেন উইকেটের পিছনে দাঁড়িয়ে ভারতীয় বোলারদের চালানোর পিছনের মূল কাণ্ডারিকে।
এমনিতে ধোনি সাক্ষাৎকার দিতে পিছিয়ে থাকেন না। লাজুকও নন ভারতকে দুটি বিশ্বকাপ দেওয়া এই অধিনায়ক। বরং উইকেটের পিছন থেকে স্ট্যাম্প মাইকে তাঁর মজার কথা শুনে হাসির রোল ওঠে কমেন্ট্রি বক্সেও। এ হেন ধোনিও প্রস্তুত ছিলেন না চাহাল টিভিতে সাক্ষাৎকার দেওয়ার ব্যাপারে। কিন্তু চাহালও নাছোড়বান্দা। এর আগে তাঁর চাহাল টিভিতে সাক্ষাৎকার দিয়ে গিয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মা, শিখর ধাওয়ান, কুলদীপ যাদব থেকে শুরু করে মহম্মদ শামিও। খালি ধোনিই বাকি ছিলেন।
কিন্তু কথায় বলে না, 'ডন কো পকড়না মুশকিল হি নহি, না মুমকিন হ্যায়।' আর মাহি তো এই দলের ডন। তাই তাঁকে ধরতে পারে, এ সাধ্য কার। চাহালও পারলেন না। গোটা ঘটনাটা ঘটলা ক্যামেরার সামনে। ভিডিও প্রকাশ হলো সোশ্যাল মিডিয়ায়। আর তারপর থেকেই কমেন্টের বন্যায় ভেসে গেল সোশ্যাল মিডিয়া। কেউ বললেন, এটা শুধু ধোনিই পারেন। কেউ আবার বলেন, সত্যি যত বয়স বাড়ছে, নতুন নতুন রূপ দেখা যাচ্ছে ভারতের এই প্রাক্তন অধিনায়কের। আবার কারও মন্তব্য, ধোনি ফের দেখালেন, তিনি সত্যিই সবার থেকে আলাদা।
আরও পড়ুন
https://thewall.in/2019/02/news-rahul-gandhi-sitaram-yechuri-meeting-in-delhi/