দ্য ওয়াল ব্যুরো: ওয়েস্ট ইন্ডিজ সফরে মহেন্দ্র সিংকে দলে নেওয়া হবে কিনা, তা নিয়ে জল্পনা দেখা দিয়েছিল। তার মধ্যে ধোনি নিজেই জানিয়ে দিয়েছেন, ক্যারিবিয়ান সফরে যাচ্ছেন না তিনি। দু'মাস প্যারামিলিটারি রেজিমেন্টের সঙ্গে কাটাতে চান। তবে এখনই অবসর নিয়ে কোনও সিদ্ধান্ত জানাননি মাহি।
শনিবার বিসিসিআই-এর এক কর্তা এই বিষয় সংবাদমাধ্যমের সামনে তুলে ধরেন। তিনি বলেন, "ধোনি ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছেন না। উনি প্যারামিলিটারি ফোর্সের সাম্মানিক লেফটেন্যান্ট। তাই এই দু'মাস প্যারামিলিটারি ফোর্সের সঙ্গেই থাকবেন তিনি। আমরা এই সিদ্ধান্তের কথা দল ও নির্বাচক কমিটিকে জানিয়ে দিয়েছি।"
ধোনির এই সিদ্ধান্তের পরেই জল্পনা শুরু হয়, কেন হঠাৎ নিজেই সরে দাঁড়ালেন মাহি। তাহলে কি শেষের শুরু? এ বার কি তবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়াবেন ভারতের এই প্রাক্তন অধিনায়ক। তবে সেই জল্পনাকে উড়িয়ে দিয়েছেন বোর্ডের সেই কর্তা। তাঁর কথায়, "আমরা কয়েকটা জিনিস স্পষ্ট করতে চাই। এক, ধোনি ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছেন না, শুধুমাত্র নিজের কথা রাখার জন্য। যেহেতু তিনি প্যারামিলিটারির সাম্মানিক লেফটেন্যান্ট, তাই আগে থেকেই এই দু'মাস সেনার সঙ্গে থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন মাহি। সেই প্রতিশ্রুতি রাখতেই এই সিদ্ধান্ত। দুই, ধোনি এখনই অবসর নিচ্ছেন না। অবসরের ব্যাপারে কোনও কথা তিনি বলেননি। শুধুমাত্র বলেছেন, এই সফরে তিনি থাকবেন না।"
অর্থাৎ, ধোনির এই সিদ্ধান্তের পরে পরিষ্কার, ক্যারিবিয়ান সফরে হয়তো তিন ফরম্যাটেই উইকেট কিপিং করতে দেখা যাবে ঋষভ পন্থকে। যদি না টেস্টে ঋদ্ধিমান সাহাকে ফেরানোর ব্যাপারে কোনও সিদ্ধান্ত নেন নির্বাচকরা। তবে একটা জল্পনা চলেই আসছে ক্রিকেট মহলে। এ ভাবে ধীরে ধীরে হয়তো ভারতীয় দলের সঙ্গে সম্পর্ক আগলা করছেন ধোনি। যেভাবে তিনি অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন, সেভাবেই কি ধীরে ধীরে ভারতীয় ক্রিকেটের মূল স্রোত থেকে সরে আসছেন মাহি। উত্তর হয়তো সময়ই দেবে।