দ্য ওয়াল ব্যুরো: একের পর এক বল ছুটে আসছে তাঁর দিকে। ক্রিজে এক জায়গায় দাঁড়িয়ে অবলীলায় সেগুলোকে বাউন্ডারির বাইরে পাঠাচ্ছেন তিনি। তাঁর একটা করে শটের সঙ্গে উপস্থিত দর্শকরা হাততালি দিয়ে উঠছেন। না, কোনও ম্যাচের ছবি নয়। এ ছবি প্র্যাকটিসের। ক্রিজে দাঁড়িয়ে যে ব্যক্তি একের পর এক ছক্কা হাঁকাচ্ছেন তাঁর নাম মহেন্দ্র সিং ধোনি। আর তাই দর্শকদের এত উন্মাদনা।
গত বছর বিশ্বকাপের পর এই প্রথম ব্যাট হাতে নিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ২৯ মার্চ শুরু হওয়ার কথা আইপিএলের। তার অনেক দিন আগে থেকে প্র্যাকটিস শুরু করেছেন তিনি। সঙ্গে রয়েছেন সুরেশ রায়না। বাকিরা পরে যোগ দেবেন। একাই নিজের প্রস্তুতি সারছেন মাহি। আর সেখানেই দেখা গেল এই দৃশ্য।
প্র্যাকটিসে পরপর পাঁচ বলে পাঁচ ছক্কা মারলেন ধোনি। কোনওটা সোজা উইকেটের পিছনে, তো কোনওটা মিড উইকেটের উপর দিয়ে। কিন্তু সবই এক জায়গায় দাঁড়িয়ে। ট্রেডমার্ক ধোনি স্টাইলে। তাঁর এই ছক্কা মারার ভিডিও শেয়ার করেছে স্টার স্পোর্টস তামিল। সেখানেই দেখা যাচ্ছে এই ছক্কার বৃষ্টি।
https://twitter.com/StarSportsTamil/status/1235814980944945153?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1235814980944945153&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Fsports%2Fcricket%2Fms-dhoni-hits-five-sixes-in-a-row-in-warms-up-for-ipl-2020-season%2F
এই ভিডিও শেয়ার হওয়ার পরেই তা ভাইরাল। সবাই বলছেন, এভাবে ছক্কা মারতে দেখে খুবই ভাল লাগছে ধোনিকে। সেই চেনা ছন্দে ফেরার ইঙ্গিত দিচ্ছেন তিনি। কেউ আবার বলছেন, বস ইজ ব্যাক। আইপিএলে ফের রাজার ভূমিকায় দেখা যাবে মাহিকে। সব মিলিয়ে আইপিএলের অনেক আগে থেকেই জমজমাট আইপিএলের আসর।
বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের বিদায়ের পর থেকে আর ক্রিকেট মাঠে দেখা যায়নি ধোনিকে। কখনও বাড়িতে, কখনও সেনাবাহিনীতে সময় কাটিয়েছেন। মাঝে অবশ্য ঝাড়খণ্ডের রঞ্জি দলের সঙ্গে গা ঘামাতে দেখা গিয়েছে তাঁকে। কবে ভারতের জার্সি গায়ে ফের ধোনিকে দেখা যাবে তা কেউ জানেন না। ধোনি নিজেও কিছু বলেননি। কিন্তু শোনা যাচ্ছে, টি ২০ বিশ্বকাপ খেলেই অবসরের কথা চিন্তা করবেন মাহি। আর তার জন্য সামনের আইপিএল খুবই গুরুত্বপূর্ণ। তাই সেই প্রস্তুতিই শুরু করে দিয়েছেন মাহি।