
শেষ আপডেট: 18 January 2020 10:33
ডার্বিতে বাগানের সাম্প্রতিক রেকর্ড কিন্তু ভাল নয়। গোকুলামের কাছে হারের পর যতই ‘আলেজান্দ্রো গো ব্যাক’ আওয়াজ তুলুক না কেন ইস্টবেঙ্গল সমর্থকরা, এই আলে স্যারই কিন্তু এখনও পর্যন্ত ডার্বিতে অপরাজিত। মোহনবাগান চাইবে সেই পরিসংখ্যান ভাঙতে। বিশেষ করে যখন চলতি মরসুমে সবুজ-মেরুন ব্রিগেড পড়শি ক্লাবের তুলনায় অনেক ভাল পারফর্ম করেছে। ডার্বি জিতে লিগে অনেকটা এগিয়ে যেতে চাইবেন তাঁরা। কারণ ভিকুনা ভালভাবেই জানেন, ডার্বি জিতলে তাঁরও খানিকটা সুবিধে। পরের মরসুমে বাগান আইএসএল খেললে তিনিও থাকবেন কোচের দৌড়ে। কিন্তু ডার্বি হারলে তাঁর সুযোগ অনেকটাই কমবে।
অন্যদিকে এটিকের সঙ্গে সংযুক্ত হওয়াটা এক দিক থেকে শাপে বর হতে পারে মোহনবাগানের জন্য। সবাই জেনে গিয়েছেন, পরের মরসুম থেকে আইএসএল খেলবে ক্লাব। সেক্ষেত্রে এটিকে ও মোহনবাগান মিলিয়ে একটা দল তৈরি করা হবে। অর্থাৎ অনেক ফুটবলার ছাঁটাই হবে। শুক্রবার ক্লাবকর্তারা স্পষ্ট বলেছেন, যাঁরা ভাল খেলবেন, তাঁরাই সুযোগ পাবেন পরের মরসুমে। আর সেই ভাল খেলাটা অনেকটাই ভাল হয়ে যায় ডার্বিতে। এই ম্যাচে নজর কাড়তে পারলে চুক্তি পাকা। তাই সবাই চাইবেন নিজের সেরাটা দিতে। এই তাগিদ দলের পক্ষে ভাল। বিশেষ করে শুভ ঘোষের মতো বাঙালি ছেলে, যিনি লাগাতার ভাল খেলছেন, তিনি চাইবেন ডার্বিতে গোল করে ক্লাবের ইতিহাসে যুক্ত হয়ে যেতে। ডার্বিতে গোল করেই কিন্তু নায়ক হয়েছেন পিন্টু মাহাতার মতো তরুণ। সেটাই করে দেখাতে চাইবেন শুভ।
অর্থাৎ রবিবাসরীয় ডার্বিতে নামার আগে অনেকগুলি বিষয় উঠে আসছে বাগান ফুটবলারদের সামনে। একদিকে আশঙ্কা, অন্যদিকে আশা। এই আশা-আশঙ্কার দোলাচলে যুবভারতীতে বাগান কীরকম খেলে সেদিকে কিন্তু তাকিয়ে থাকবেন এর একজন। আরপিএসজি গ্রুপের চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা। হয়তো মাঠের ভিআইপি গ্যালারিতে বসেই। বাগান কর্তারা যে তাঁকে আমন্ত্রণ জানিয়েছেন।