ডিকার গোলে জয়, তিন ম্যাচে নয়, লিগ শীর্ষে বাগান
দ্য ওয়াল ব্যুরো: তিন ম্যাচে তিন জয়। তরতরিয়ে এগিয়ে চলছে পালতোলা নৌকা। জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধেও পরিত্রাতা হয়ে দেখা দিলেন বহু যুদ্ধের নায়ক ডিপান্ডা ডিকা। তাঁর করা একমাত্র গোলেই জর্জ টেলিগ্রাফকে হারালো মোহনবাগান।
খেলা শুরুর আগেই গঙ্গায় বান আ
শেষ আপডেট: 12 August 2018 13:02
দ্য ওয়াল ব্যুরো: তিন ম্যাচে তিন জয়। তরতরিয়ে এগিয়ে চলছে পালতোলা নৌকা। জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধেও পরিত্রাতা হয়ে দেখা দিলেন বহু যুদ্ধের নায়ক ডিপান্ডা ডিকা। তাঁর করা একমাত্র গোলেই জর্জ টেলিগ্রাফকে হারালো মোহনবাগান।
খেলা শুরুর আগেই গঙ্গায় বান আসায় জল ঢুকে যায় মোহনবাগান তাঁবুতে। হাটু জল পেরিয়ে রেলিং টপকে খেলোয়াড়দের ঢুকতে হয় মাঠে। খেলার শুরু থেকেই আক্রমণের ঝড় তোলে মোহনবাগান খেলোয়াড়েরা। ৬ মিনিটের মাথায় বক্সের বাইরে থেকে ডিকার ফ্রিকিক বারে চুমু খেয়ে বেরিয়ে যায়। তারপরেও একের পর এক আক্রমণ করতে থাকেন অভিষেক, অরিজিৎ বাগুইরা। কিন্তু তেকাঠির নীচে লাল্টু মন্ডলকে পরাস্ত করতে পারছিলেন না এই প্রথম একসঙ্গে খেলতে নামা ডিকা-হেনরি জুটি। ১৭ মিনিটের মাথায় শিল্টন ডি-সিলভার জোরালো শট দারুণ বাঁচান লাল্টু। অন্যদিকে ডিফেন্স সামলে মাঝে মধ্যে আক্রমণে উঠে আসছিল জর্জ। কিন্তু কোনও রকম সুবিধা করতে পারেনি তারা।
দ্বিতীয়ার্ধের শুরুতেই মেহতাবকে নামান মোহন কোচ শঙ্করলাল চক্রবর্তী। শুরুতেই সহজ সুযোগ নষ্ট করেন সৌরভ দাস। তারপর আজহারুদ্দিন ও তীর্থঙ্করের নামার পর খেলার ছবি পুরো বদলে যায়। দুদিক থেকে ভেসে আসতে থাকে একের পর এক ক্রস। ৭১ মিনিটের মাথায় বাঁ'প্রান্ত থেকে সেই তীর্থঙ্করের করা ক্রসে মাথা ছুঁইয়ে মোহনবাগানকে এগিয়ে দেন ডিপান্ডা ডিকা।
তারপর গোল শোধের জন্য মরিয়া হয়ে ওঠে জর্জ টেলিগ্রাফ। কিছুটা চাপে পড়ে যায় মোহনবাগান ডিফেন্স। ৮৬ মিনিটের মাথায় ফ্রিকিক থেকে নাকামুরার হেডে অবধারিত গোল বাঁচান এ দিনের খেলায় শিল্টন পালের বদলে খেলতে নামা তরুণ গোলকিপার শঙ্কর রায়। তারপরেও কিছু সুযোগ তৈরি করলেও গোল করতে পারেনি কোনও দল।
ম্যাচের মধ্যেই দেখা গেল মেম্বারশিপ গ্যালারির এক বেঞ্চে বসে বসে টুটু বসু ও অঞ্জন মিত্র। এক বেঞ্চে বসলেও দেখা গেল দুজনের মধ্যে বিস্তর ব্যবধান। এক প্রান্তে টুটু, অন্য প্রান্তে অঞ্জন। ভোটের দামামা বেজে গিয়েছে বাগানে। শনিবারই টুটু বাবু প্রথম নির্বাচনী সভা সেরে ফেলেছেন। এটা কি ভোটযুদ্ধের দূরত্ব? প্রশ্ন তুললেন অনেকে।

এ দিনের জয়ের ফলে তিন ম্যাচে তিন জয়ের ফলে লিগ টেবিলে এক নম্বরে উঠে এল বাগান। লিগের লড়াইয়ে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করল শঙ্করলালের ছেলেরা।