দ্য ওয়াল ব্যুরো: ২০১৪-১৫ মরসুমে মোহনবাগানকে আইলিগ জেতাতে যে ভূমিকাটা নিয়েছিলেন সনি নর্ডি, ঠিক সেই ভূমিকাটাই গত মরসুমে নিয়েছেন জোসেবা বেইতিয়া। চুপচাপ নিজের কাজ করেছেন। কোচ কিবু ভিকুনা যে দায়িত্ব দিয়েছেন, সেটা পালন করেছেন। মাপা কর্নার আর ফ্রিকিক থেকে গোল করিয়েছেন। আবার দরকার পড়লে গোল করেওছেন। মাত্র কয়েক দিনেই হয়ে উঠেছেন মোহন জনতার নয়ণের মণি। আর এই বেইতিয়াকে ২০১৯-২০ মরসুমের সেরা মোহনবাগান ফুটবলারের খেতাব দিল আইলিগ জয়ী ক্লাব।
বুধবার ক্লাবের টুইটার অ্যাকাউন্টে এই ঘোষণা করা হয়। সেখানে ক্লাবের তরফে শুভেচ্ছা জানানো হয় বেইতিয়াকে। সবুজ-মেরুন ব্রিগেডের জন্য যে পরিশ্রম তিনি করেছেন তার জন্য তাঁকে ধন্যবাদ জানানো হয়। এমনকি গত আইলিগে ৫ গোল ও সবথেকে বেশি ১৬ অ্যাসিস্টের মালিক বেইতিয়াকে ‘সবুজ অক্টোপাস’ নামেও ভুষিত করা হয় ক্লাবের তরফে।
https://twitter.com/Mohun_Bagan/status/1283294532587536385?s=19
২৯ জুলাই মানেই বাগান সমর্থকদের কাছে এক আবেগের দিন। অমর একাদশের কৃতিত্বকে স্মরণ করে এই দিনে মোহনবাগান দিবস পালন করা হয়। প্রতি বছর সেই দিন মোহনবাগান রত্নে ভূষিত করা হয় কিংবদন্তিদের। এবার মোহনবাগান রত্ন পেতে চলেছেন অলিম্পিকে জোড়া পদক ও ৬৬’র এশিয়ান গেমসে সোনাজয়ী হকির কিংবদন্ত গুরবক্স সিং ও প্রাক্তন ক্রিকেটার পলাশ নন্দী। সোমবারই অবশ্য ক্লাবের তরফে এই ঘোষণা করা হয়েছে। একজিকিউটিভ কমিটির বৈঠকের পরেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত।
সেদিনের বৈঠকেই ঠিক হয়েছে, অনূর্ধ্ব ১৮ সেরা যুব ফুটবলারের পুরস্কার এবার পাচ্ছে সজল বাগ। এছাড়া অ্যাথলিট মনোরঞ্জন পোরেল, হকি খেলোয়াড় অশোক কুমার ও ফুটবলার প্রণব গঙ্গোপাধ্যায়কে আজীবন স্বীকৃতি পুরস্কার দেওয়া হবে।
তবে এবার করোনা আবহে সবকিছুই আলাদা। আর তাই মোহনবাগান দিবসে কোনও জমকালো অনুষ্ঠান হবে না। সবার সুরক্ষার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, শরীর চর্চার আয়োজনের মধ্যে দিয়েই উপযাপিত হবে দিনটি। তবে প্রতি বছরের ট্র্যাডিশন বজায় রেখেই এই পুরস্কারের ঘোষণা করা হল।
বাগানের সেরা ফুটবলার হিসেবে বেইতিয়ার নাম ঘোষণা হলেও সবুজ- মেরুন সমর্থকদের অনেকেই খুশি নন। কারণ গত মরসুমে বাগানের বিদেশিরা যে ফুটবল খেলেছিলেন তা ভারতীয় ফুটবলে বহুদিন পরে দেখা গিয়েছিল। আর তাই চার ম্যাচ বাকি থাকতে লিগ চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবাগান। তাই এটিকের সঙ্গে ক্লাবের সংযুক্তির পরে সমর্থকদের আশা ছিল সেই দলের মধ্যে অন্তত জোসেবা বেইতিয়া ও ফ্রান গঞ্জালেজকে রাখবেন ক্লাব কর্তারা। কিন্তু তাঁদের রাখেনি নতুন ক্লাব এটিকে- মোহনবাগান। ইতিমধ্যেই কোচ কিবু ভিকুনা, বেইতিয়ারা আইএসএলের জন্য কেরালা ব্লাস্টার্সে সই করেছেন বলে খবর। তাই সবুজ- মেরুন সমর্থকদের একটা অংশ বেইতিয়াকে এই পুরস্কার দেওয়া নিয়ে ক্লাব কর্তাদেরই কটাক্ষ করেছেন।