দ্য ওয়াল ব্যুরো: করোনা সংক্রমণ ও লকডাউনের কারণে প্রায় তিন মাস বন্ধ ছিল সব ধরনের খেলাধুলো। এবার ধীরে ধীরে তা শুরু হচ্ছে। ফুটবল শুরু হয়েছে। ক্রিকেটও শুরু হওয়ার পথে। আর এই সময় নিজেদের ফিটনেস বাড়াতে চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছেন ভারতীয় দলের ক্রিকেটাররা। সম্প্রতি মাঠে অনুশীলন করা শুরু করেছেন ভারতের একদিনের দলের সহ-অধিনায়ক রোহিত শর্মা। নিজের ইনস্টাগ্রামে সেকথা জানিয়েছেন তিনি। অন্যদিকে ভারতের পেস বোলার মহম্মদ শামিকে দেখা গিয়েছে, উত্তরপ্রদেশে বাড়ির পাশের জমিতে নিজের পোষ্য কুকুরের সঙ্গে ছুটছেন তিনি। গতি আরও বাড়াতেই শামির এই দৌড়।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে এই দৌড়ের ভিডিও শেয়ার করেছেন শামি। সেখানে তিনি লিখেছেন, “জ্যাকের সঙ্গে দৌড়ের প্রতিযোগিতা।” ভিডিওতে দেখা যাচ্ছে শামির সঙ্গে দুটি পোষ্য রয়েছে। তার মধ্যে কালো রঙের একটি কুকুরের সঙ্গে দৌড়তে দেখা যায় শামিকে। দৌড়ের বেশিরভাগ সময়ে শামিকেই এগিয়ে থাকতে দেখা যায়। শেষদিকে কুকুরটি গতি বাড়িয়ে দু’জনে প্রায় একই সঙ্গে শেষ করে।
https://www.instagram.com/p/CB3TBRop9rZ/?igshid=1sn4vdmkovt3a
লকডাউনের মধ্যে উত্তরপ্রদেশের সহসপুরে গ্রামের বাড়িতে রয়েছেন শামি। সেখানে বাড়ির পাশের জমিতেই পুরোদমে অনুশীলন করতে দেখা যাচ্ছে বিরাট কোহলির বোলিং ব্রিগেডের অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্রকে। সম্প্রতি নিজের বল করারও একটি ভিডিও শেয়ার করেছেন শামি।
প্রতিদিন অনুশীলন ছাড়াও সোশ্যাল মিডিয়াতেও এই মুহূর্তে যথেষ্ট অ্যাকটিভ শামি। অনেক সতীর্থের সঙ্গে ইনস্টাগ্রামে লাইভ আলোচনা করতেও দেখা গিয়েছে তাঁকে। বলে থুতু লাগানো বন্ধ করার ক্ষেত্রে আইসিসির সিদ্ধান্ত নিয়েও নিজের বক্তব্য রেখেছেন তিনি। শামি এও জানিয়েছেন বলে থুতু না লাগালেও যদি একদিকে শাইন ধরে রাখা যায় তাহলে তিনি রিভার্স সুইং করাতে পারবেন।
করোনা সংক্রমণের মধ্যে সমাজসেবার কাজ করতেও দেখা গিয়েছে ভারতের এই পেসারকে। গরীবদের খাবার ও মাস্ক দান করেছেন তিনি। বিসিসিআইয়ের তরফে টুইট করে তা জানানো হয়েছিল। সেই টুইটে বিসিসিআইয়ের তরফে লেখা হয়, “করোনার বিরুদ্ধে লড়াইয়ে এগিয়ে এসেছেন ভারতীয় দলের সদস্য মহম্মদ শামি। জাতীয় সড়ক ২৪-এর উপর পরিযায়ী শ্রমিকদের খাবার ও মাস্ক দান করেছেন তিনি। এছাড়া নিজের গ্রাম সহসপুরেও গরিব মানুষদের খাবার দিয়েছেন তিনি।” শামির এই কাজের ছবিও শেয়ার করা হয় বোর্ডের তরফে।