দ্য ওয়াল ব্যুরো: দিন কয়েক আগেই ফিফার 'দ্য বেস্ট গোলে'র জন্য পুসকাস অ্যাওয়ার্ড জিতেছিলেন ফুটবলের দুনিয়ায় মিশরীয় রূপকথার জনক মহম্মদ সালাহ। তাঁর পুসকাস অ্যাওয়ার্ড জেতার পর ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো তারকা দাবি করেছিলেন, সালাহ নন, বর্ষসেরা গোল হওয়া উচিত ছিল তাঁর বাইসাইকেল কিক। শুক্রবার সমালোচকদের মুখ বন্ধ করে সালাহ বুঝিয়ে দিলেন, কেন তিনি এই পুরষ্কারের যোগ্য। কর্নার থেকে সরাসরি গোল করলেন মো সালাহ।
শুক্রবার আফ্রিকা কাপ অফ নেশনসের কোয়ালিফাইং রাউন্ডে ইজিপ্ট বনাম সোয়াজিল্যান্ডের খেলায় এই অদ্ভুত কাণ্ড করেন সালাহ। গত মরশুমে লিভারপুলের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে সর্বোচ্চ ৪৪ গোল করলেও এ মরশুমে এখনও পর্যন্ত মাত্র ৩ গোল তাঁর। অগস্ট মাসের পর মাত্র একটি গোল করেছেন রেড ডেভিলসদের হয়ে। তবে গত সপ্তাহে আফ্রিকান কাপ অফ নেশনসেই নাইজারের বিরুদ্ধে জোড়া গোল করেছিলেন সালাহ। যদিও জোড়া পেনাল্টি মিসও করেন সালাহ। তাই ফিফা র্যাঙ্কিংয়ে নাইজারের থেকেও পেছনে থাকা সোয়াজিল্যান্ডের বিরুদ্ধে যে গোল পাবেন ইজিপশিয়ান কিং, এ ব্যাপারে সবার বিশ্বাস ছিল। হলও তাই।
প্রথমার্ধেই অধিনায়ক আহমেদ এল মোহমাদি, আমর ওয়ার্দা ও মেহমুদ হাসানের গোলে ৩-০ গোলে এগিয়ে ছিল ইজিপ্ট। প্রথমার্ধের শেষে কর্নার পায় ইজিপ্ট। সবাইকে অবাক করে দিয়ে কর্নার নিতে যান মহম্মদ সালাহ। সালাহর বাঁ পায়ের ইন্সুইংগিং শট গোলকিপারকে পরাস্ত করে দ্বিতীয় পোস্ট দিয়ে সরাসরি ঢুকে যায় গোলে। মিশর এগিয়ে যায় ৪-০ গোলে।
https://twitter.com/castleofthekop/status/1050808918870511617
আর এই গোলের পর থেকেই সোশ্যাল মিডিয়া উত্তাল। সবাই প্রশংসা করছেন সালাহর এই গোলের। কেউ বলছেন অবিশ্বাস্য, কেউ বলছেন ম্যাজিক। সালাহর জন্যও ম্যাজিশিয়ান, ইজিপশিয়ান কিংয়ের মতো তকমা সোশ্যাল মিডিয়ায় ভেসে আসছে। যদিও তারপরেও বেশ কিছু সুযোগ নষ্ট করেন সালাহ।
ম্যাচের শেষ দিকে অবশ্য চোট পেয়ে খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়েন সালাহ। যদিও পরে সালাহ ভক্তদের আশ্বস্ত করে মিশরের অ্যাসিস্টান্ট কোচ জানিয়েছেন, সালাহর চোট তেমন গুরুতর নয়। সামান্য টান ধরেছে। ধীরে ধীরে তা ঠিক হয়ে যাবে।