দ্য ওয়াল ব্যুরো: সদ্য সমাপ্ত ইংল্যান্ড সিরিজে মাঠের মধ্যে স্লেজিং সেরকম চোখে পড়েনি। কিন্তু এর আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যে তাঁকে একের পর এক স্লেজিং সহ্য করতে হয়েছে, সেটা জানালেন ইংল্যান্ডের অল-রাউন্ডার মঈন আলি।
কিছুদিনের মধ্যেই প্রকাশিত হতে চলেছে মঈন আলির আত্মজীবনী। তার আগে এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মঈন বলেন, অজি ক্রিকেটাররা অত্যন্ত অভদ্র৷ ওরা অন্যদের সম্মান করতে জানে না৷ গত বছর ডিসেম্বরে ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজ সিরিজে অজি সমর্থকরা তাঁর বিরুদ্ধে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করেছিলেন৷ এই রকম বাইশ গজে অনেক ঘটনায় আত্মজীবনীতে লিপিবদ্ধ করেছেন এই ইংরেজ ক্রিকেটার৷
শুধু সমর্থকরা নয়, অজি ক্রিকেটারেদের কাছে থেকে এই ধরনের বর্ণবিদ্বেষমূলক মন্তব্য শুনেছিলেন ইংরেজ অল-রাউন্ডার৷ ২০১৫ কার্ডিফে অ্যাশেজের প্রথম টেস্টের কথা উল্লেখ করে আলি বলেন, ‘অ্যাশেজের প্রথম টেস্টে আমার ব্যক্তিগত পারফরম্যান্স দারুণ ছিল৷ কিন্তু একটি ঘটনা আমার বিরক্তিকর লেগেছিল৷ আমি ব্যাটিং করার সময় এক অজি ক্রিকেটার আমার দিকে তাকিয়ে বলেছিল, ‘টেক দ্যাট, ওসামা’ ( ওসামা বিন লাদেন )৷ প্রথমে আমি বিশ্বাস করতে পারিনি৷ যদিও মাঠে আমি এতটা রাগিনি৷ কিন্তু আমি এই ধরনের মন্তব্য ভালোভাবে নিইনি৷’ এই ঘটনার কথা আত্মজীবনীতে লিখেছেন ৩১ বছরের ইংরেজ অল-রাউন্ডার৷ কার্ডিফ টেস্টে মঈনের অল-রাউন্ড পারফরম্যান্সে ১৬৯ রানে জয় পেয়েছিল ইংল্যান্ড৷ প্রথম ইনিংসে ব্যাটে ৭৭ রানের পাশাপাশি বল হাতে ৫ উইকেট তুলে দলকে জেতাতে বড় ভূমিকা নিয়েছিলেন আলি৷
সিরিজের মাঝেই এই ঘটনার কথা সতীর্থ এবং কোচ ট্রেভর বেলিসকে বলেছিলেন মঈন৷ যা নিয়ে বেলিস অস্ট্রেলিয়ান কোচ ডারেন লেম্যানকে বিষয়টি জানিয়েছিলেন৷ অজি কোচও সংশ্লিষ্ট ক্রিকেটারটিকে জিজ্ঞেস করেছিলেন, যে ও মঈনকে এই ধরণের কোনও কথা বলেছেন কিনা৷ কিন্তু ক্রিকেটারটি সম্পূর্ণ অস্বীকার করে বলেছিলেন, 'আমি ওকে টেক দ্যাট পার্ট টাইমার বলেছি'৷ এছাড়াও অজি ক্রিকেটারদের অভদ্রতার আরও উদাহরণ দেন মঈন৷ বাঁ-হাতি ইংরেজ ব্যাটসম্যান বলেন, ‘২০১৫ বিশ্বকাপের ঠিক আগে সিডনিতে আমি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমবার খেলতে নেমেছিলাম৷ সেখানও ওরা আমাকে অ্যাবিউজ করেছিল৷’
যদিও অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের বিরুদ্ধে স্লেজিংয়ের অভিযোগ নতুন নয়। এর আগেও বিরাট কোহলি, কুমার সাঙ্গাকারা, ক্রিস গেইলের মতো ক্রিকেটাররা স্লেজিংয়ের অভিযোগ এনেছিলেন অজিদের বিরুদ্ধে। এইসব অভিযোগের পর ক্রিকেটারদের সতর্ক করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ফলে ইদানীং স্লেজিংয়ের মাত্রা কমিয়েছেন অজিরা। এর মধ্যে মঈনের এই অভিযোগ ফের আঙুল তুলল ক্যাঙ্গারুদের মানসিকতার উপরেই।