অলিম্পিক কোয়ালিফায়ারে মেরি, নিখাতকে হারিয়ে দিলেন জবাব
দ্য ওয়াল ব্যুরো: রিংয়ের মধ্যেই সব বিতর্কের অবসান ঘটালেন ছ’বারের বিশ্ব চ্যাম্পিয়ন তথা অলিম্পিকে বক্সিংয়ে ব্রোঞ্জ পদক জয়ী এম সি মেরি কম। ট্রায়ালে নিখাত জারিনকে হারালেন মেরি। এই জয়ের ফলে ৫১ কেজি বিভাগে অলিম্পিক কোয়ালিফায়ার খেলতে যাওয়ার ক্ষেত্র
শেষ আপডেট: 28 December 2019 08:59
দ্য ওয়াল ব্যুরো: রিংয়ের মধ্যেই সব বিতর্কের অবসান ঘটালেন ছ’বারের বিশ্ব চ্যাম্পিয়ন তথা অলিম্পিকে বক্সিংয়ে ব্রোঞ্জ পদক জয়ী এম সি মেরি কম। ট্রায়ালে নিখাত জারিনকে হারালেন মেরি। এই জয়ের ফলে ৫১ কেজি বিভাগে অলিম্পিক কোয়ালিফায়ার খেলতে যাওয়ার ক্ষেত্রে আর কোনও প্রশ্ন থাকল না মেরির সামনে। সামনের বছর ফেব্রুয়ারি মাসে এশিয়া-ওশিয়ানিয়া গ্রুপের এই কোয়ালিফায়ার খেলতে চিন যাবেন মেরি।
এদিন দিল্লিতে ছিল এই ট্রায়াল। ৫১ কেজি বিভাগে নিজেদের প্রথম ম্যাচে জেতেন মেরি, নিখাত দু’জনেই। মেরি হারান রিতু গরেওয়ালকে। অন্যদিকে বর্তমান জাতীয় চ্যাম্পিয়ন জ্যোতি গুলিয়াকে হারান নিখাত। ট্রায়ালের ফাইনালে মুখোমুখি হন দুই বক্সার। সেখানে ৯-১ ফলাফলে নিখাতকে হারান মেরি। এর সঙ্গেই তিনি অলিম্পিক কোয়ালিফায়ারে যাওয়ার যোগ্যতা অর্জন করেন।

অলিম্পিকে বক্সিংয়ে ৫১ কেজি বিভাগে কে ভারতের প্রতিনিধিত্ব করবেন তা নিয়ে বিতর্ক বহুদিনের। মহিলাদের বক্সিং বিশ্ব চ্যাম্পিয়নশিপের পরেই নিখাত দাবি করেন ৫১ কেজি বিভাগে তিনি না মেরি, কে ভারতের প্রতিনিধিত্ব করবেন তা ট্রায়ালের মাধ্যমেই ঠিক হওয়া উচিত। নইলে বক্সিং ফেডারেশন মেরিকেই পাঠাবেন। এমনকি এই ট্রায়াল লাইভ টেলিকাস্ট করারও দাবি করেন নিখাত। তাঁর যুক্তি, নইলে ফেডারেশন মেরিকে সুবিধে করে দিতে পারেন।
এই ট্রায়ালের পক্ষে প্রথমে ছিলেন না মেরি। তাঁর বক্তব্য ছিল, ফেডারেশন যাঁকে পাঠাবে তাঁরই যাওয়া উচিত। তিনি বলেন, “অন্য অনেক খেলায় ট্রায়াল হয় না। কখনও দেখেছেন সাইনা নেহওয়াল কিংবা পিভি সিন্ধুকে ব্যাডমিন্টন খেলতে যাওয়ার জন্য ট্রায়াল দিতে হচ্ছে। কিন্তু আমাকে দিতে হবে।” পরে অবশ্য নিখাতের চ্যালেঞ্জ গ্রহণ করেন তিনি।
শনিবার জবাব দিয়ে দিলেন মেরি। জানিয়ে দিলেন, তাঁর বয়স হয়তো নিখাতের চেয়ে অনেকটা বেশি, কিন্তু এখনও ধার কমেনি তাঁর। তাই টোকিও অলিম্পিকে বক্সিংয়ে পদক জয়ের জন্য ভারতের তরফে তাঁর থেকে ভাল আর কেউ নেই।