দ্য ওয়াল ব্যুরো: ক্রিকেট খেলার সময় প্রবল ভারতীয় বিদ্বেষী হিসেবে নামডাক ছিল পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক জাভেদ মিয়াঁদাদের। ক্রিকেট ছাড়ার পরেও সেই ট্র্যাডিশন বজায় আছে। শুধুমাত্র ভারত বিরোধী কথা নয়, পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক তথা বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খানকেও কটাক্ষ করতে ছাড়েননি মিয়াঁদাদ। আর তার জন্যই তাঁকে মানসিকভাবে অস্থির বললেন ভারতের প্রাক্তন ক্রিকেটার মদন লাল।
সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে ইমরানকে কটাক্ষ করেন মিয়াঁদাদ। তাঁর বক্তব্য, প্রধানমন্ত্রী হওয়ার পর নিজেকে ভগবান মনে করছেন ইমরান খান। তিনি বলেন, “আমি আপনার অধিনায়ক ছিলাম। আপনি আমার অধিনায়ক ছিলেন না। আমি রাজনীতিতে গিয়ে তারপর আপনার সঙ্গে কথা বলব। আমি আপনাকে সবসময় পথ দেখিয়েছি। কিন্তু এখন আপনি নিজেকে ভগবান মনে করছেন। দেখে মনে হচ্ছে আপনিই পাকিস্তানে একমাত্র বুদ্ধিমান ব্যক্তি। যেন পাকিস্তানের আর কেউই অক্সফোর্ড, কেমব্রিজ বা অন্য কোনও বিশ্ববিদ্যালয়ে যায়নি। মানুষের কথা ভাবুন।”
শুধুমাত্র তাই নয়, ওয়াসিম খানকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সিইও নিযুক্ত করার জন্যও চটেছেন তিনি। ওয়াসিমের জন্ম ও বেড়ে ওঠা ইংল্যান্ডে। সেই কথা বলে মিয়াঁদাদ বলেছেন, “পাকিস্তান ক্রিকেট বোর্ডের সব আধিকারিকরা ক্রিকেটের এবিসি জানেন না। আমি ইমরান খানের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলব। পাকিস্তানে কি লোকের অভাব হয়েছে যে বিদেশ থেকে লোক আনতে হচ্ছে। আপনি একটা গুরুত্বপূর্ণ পদে বিদেশিকে বসাচ্ছেন। তিনি দুর্নীতি করে টাকা নিয়ে বিদেশে পালিয়ে গেলে আপনি কী করবেন? এই দেশের জন্য যা ঠিক নয় তার বিরুদ্ধে আমি কথা বলবই।”
এর আগে কাশ্মীর নিয়ে ভারতের বিরুদ্ধে মন্তব্য করেছিলেন মিয়াঁদাদ। তিনি বলেছিলেন, “কাশ্মীরি ভাইয়েরা ভয় পাবেন না। আমরা আপনাদের সঙ্গে রয়েছি। আগে ব্যাট দিয়ে ছয় মারতাম। এখন তলোয়ার দিয়ে মানুষ মারতে পারব।”
মিয়াঁদাদের এই ধরনের মন্তব্যেই চটেছেন ভারতের বিশ্বকাপ জয়ী ক্রিকেটার মদন লাল। তিনি বলেন, “মিয়াঁদাদ যা বলছেন, তার কোনও মানে নেই। এর থেকেই বোঝা যাচ্ছে উনি কতটা শিক্ষিত। এর আগে কাশ্মীরকে নিয়ে মন্তব্য করেছেন তিনি। আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করেছেন। এবার ইমরান খানকে নিয়ে করলেন। আমার মনে হয় উনি মানসিকভাবে অস্থির। ওনার ডাক্তার দেখানো উচিত।”
এর আগেও অনেক বার বিতর্কিত মন্তব্য করেছিলেন মিয়াঁদাদ। বারবার ভারত বিরোধী মন্তব্য করতে দেখা গিয়েছে তাঁকে। এবার নিজের দেশের প্রধানমন্ত্রীকেও বাদ দিলেন না তিনি।