রোনাল্ডোকে টপকালেন মেসি, ষষ্ঠ ব্যালন ডি’ওর আর্জেন্টাইন তারকার
দ্য ওয়াল ব্যুরো: রেকর্ড গড়লেন লিওনেল মেসি। চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে টপকে রেকর্ড ষষ্ঠ ব্যালন ডি’ওর জিতলেন তিনি। সোমবার ভারতীয় সময় রাতে ফ্রান্সের প্যারিসে একটি অনুষ্ঠানে বিশ্বের সেরা ফুটবলারের এই পুরস্কার তুলে দেওয়া হয় তাঁর হ
শেষ আপডেট: 3 December 2019 03:26
দ্য ওয়াল ব্যুরো: রেকর্ড গড়লেন লিওনেল মেসি। চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে টপকে রেকর্ড ষষ্ঠ ব্যালন ডি’ওর জিতলেন তিনি। সোমবার ভারতীয় সময় রাতে ফ্রান্সের প্যারিসে একটি অনুষ্ঠানে বিশ্বের সেরা ফুটবলারের এই পুরস্কার তুলে দেওয়া হয় তাঁর হাতে। লিভারপুলের ডিফেন্ডার ভার্জিল ভ্যান ডাইককে হারিয়ে এই পুরস্কার পেলেন মেসি।
২০১৫ সালের পর ফের এই পুরস্কার পেলেন ৩২ বছর বয়সী এই বার্সেলোনা ও আর্জেন্টাইন তারকা। চলতি বছর ব্যালন ডি’ওরের তালিকায় তৃতীয় স্থানে শেষ করেছেন পর্তুগালের রোনাল্ডো।
সোমবারের অনুষ্ঠানে প্যারিসের শ্যাটেলেট থিয়েটারে স্ত্রী ও পুত্রদের নিয়ে হাজির ছিলেন মেসি। এর আগে ২০০৯, ২০১০, ২০১১ ও ২০১২ সালে পরপর চার বছর ব্যালন ডি’ওর জিতেছিলেন তিনি। তারপর ২০১৫ সালে এই পুরস্কার তিনি পান। গত বছর বিশ্বের সেরা ফুটবলারের পুরস্কার পেয়েছিলেন ক্রোয়েশিয়া ও রিয়েল মাদ্রিদের ফুটবলার লুকা মড্রিচ।

পুরস্কার নিতে উঠে মেসি বলেন, “১০ বছর আগে প্রথম ব্যালন ডি’ওর জিতেছিলাম আমি। আমার মনে আছে সেদিন আমার ভাইদের নিয়ে এই থিয়েটারেই এসেছিলাম। আমার তখন ২২ বছর বয়স। তখন আমার কাছে এই পুরস্কার অপ্রত্যাশিত ছিল। ১০ বছর পরে আজকের দিনে আমার স্ত্রী ও ছেলেরা আমার সঙ্গে আছে। এই দিনটাও আমার কাছে খুবই স্পেশ্যাল।” মেসি আরও বলেন, “আমি জানি আমার বয়স বাড়ছে। কিন্তু আশা করছি আরও কিছু বছর নিজের ফুটবল দিয়ে আপনাদের আনন্দ দিতে পারব।”
২০১৯ সালে এখনও পর্যন্ত ৫৪ ম্যাচে ৪৬ গোল করেছেন মেসি। গত মরসুমে বার্সেলোনার হয়ে ৩৪ ম্যাচে ৩৬ গোল করেছিলেন মেসি। লা লিগা জিতেছিল বার্সা। কিন্তু চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে লিভারপুলের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় মেসিদের। চলতি মরসুমেও এখনও পর্যন্ত কড়া টক্কর হচ্ছে লা লিগায়। চ্যাম্পিয়নস লিগেও এগিয়ে চলেছে মেসিদের দল। এখন দেখার ব্যালন ডি’ওর পাওয়ার পর নতুন উদ্যমে মাঠে নেমে কী ফুল ফোটান লিও।