
শেষ আপডেট: 19 March 2019 12:27
২০১৬ সালের কোপা আমেরিকাতে চিলির কাছে টাইব্রেকারে হারে আর্জেন্টিনা। নিজে পেনাল্টি ফসকান মেসি। তারপরেই চোখের জলে নিজের অবসর ঘোষণা করে দেন এলএম টেন। গোটা দুনিয়ার মেসি ভক্তদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সোশ্যাল মিডিয়ায় বারবার সমর্থকরা আবেদন জানান, ফিরে আসুন মেসি। কিন্তু মেসির তরফে কোনও উত্তর দেওয়া হয়নি। শেষ পর্যন্ত ২০১৮ বিশ্বকাপের আগে আর্জেন্টাইন কোচ জর্জে সাম্পাওলির ডাকে সাড়া দিয়ে অবসর কাটিয়ে ফের জাতীয় দলের জার্সিতে ফেরেন মেসি। একার কাঁধে ভর করে আর্জেন্টিনাকে বিশ্বকাপের যোগ্যতা অর্জনও করান।
কিন্তু রাশিয়া বিশ্বকাপে ফের ব্যর্থতার মুখ দেখতে হয় মেসি বাহিনীকে। গ্রুপ পর্ব পেরলেও শেষ ষোলোয় ফ্রান্সের কাছে ৩-৪ গোলে হেরে ছিটকে যেতে হয় আর্জেন্টিনাকে। তারপর থেকে আর কোনও ম্যাচে আর্জেন্টিনার হয়ে মেসিকে খেলতে দেখা যায়নি। আট মাস পর ফের জাতীয় দলের জার্সিতে দেখা গেল মেসিকে।
অনুরাগীরা এখন থেকে বলতে শুরু করেছেন ২০২২ সালের কাতার বিশ্বকাপ খেলেই অবসর নিক লিও। এই মুহূর্তে ক্লাব ফুটবলে তিনি যেভাবে দাপিয়ে খেলছেন, তাতে এখনও বছর তিনেক খেলতেই পারেন তিনি। কিন্তু আকাশি-সাদা জার্সি পরে যখনই তিনি নেমেছেন হতাশা আর ব্যর্থতা তাঁর সঙ্গী হয়েছে। ২০১৪, ২০১৬ কোপা আমেরিকা ও ২০১৪ সালের বিশ্বকাপে ফাইনালে উঠেও জিততে পারেননি। ২০১৯-এর কোপায় তিনি খেলবেন। এই কোপার ফলই হয়তো বলে দেবে ২২'র বিশ্বকাপে কাতারের বিমানে মেসি উঠবেন কিনা।