দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক তথা বর্তমান চিফ সিলেক্টর ইমজামাম উল হকের ভাইপো তিনি। তবে জাতীয় দলে সুযোগ পাওয়ার পর নিজের একটা জায়গা তৈরি করেছেন ইমাম উল হক। ওপেনার হিসেবে ফখর জামানের সঙ্গে ইতিমধ্যেই একটা ভালো বোঝাপড়ার সম্পর্ক তৈরি হয়েছে। কিন্তু কেরিয়ারের শুরুতেই বড় ধাক্কা খেলেন ইমাম। তাঁর বিরুদ্ধে একাধিক মেয়ের সঙ্গে সম্পর্ক, প্রভাব খাটিয়ে যৌন হেনস্থার মতো একাধিক অভিযোগ করা হয়েছে। একাধিক মেয়ের সঙ্গে তাঁর হোয়াটসঅ্যাপ কথোপকথনের স্ক্রিন শটও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
সম্প্রতি টুইটারে ছড়িয়ে পড়ে ইমাম উল হকের হোয়াটসঅ্যাপ কথোপকথনের কয়েকটি স্ক্রিন শট। সেই স্ক্রিন শটে দেখা যাচ্ছে, বেশ কিছু মেয়ের সঙ্গে কথা বলছেন ইমাম। কারও সঙ্গে প্রেমের কথা বলা হচ্ছে, তো কারও সঙ্গে আবার রেগে গিয়ে কথোপকথনও করা হয়েছে। কোথাও দেখা যাচ্ছে, মেয়েটি সব কথা জানিয়ে দেওয়ার কথা বললে তাঁকে ভয় দেখাচ্ছেন ইমাম।
https://twitter.com/CrickyUpdates/status/1154019010708721664
আর এই সব কথোপথন সামনে আসার পরেই শুরু হয়েছে সমালোচনা। কেউ বলছেন, সত্যিই একটু নাম হতে না হতেই একের পর এক কেলেঙ্কারিতে জড়িয়ে যাচ্ছে পাক ক্রিকেটাররা। কেউ আবার বলছেন, পাক ক্রিকেট আর বদলালো না। সেই এক ছবি। একটু নাম হতেই নিজের ক্ষমতা জাহির করে এসব করছেন তাঁরা। আবার কেউ প্রাক্তন অধিনায়ক ইনজামাম উল হকের নামও তুলে এনেছেন। তাঁদের বক্তব্য, ইনজামাম ব্যক্তি জীবনে এত সৎ। সেখানে তাঁর ভাইপো হয়ে এই কাজ করলেন ইমাম।
অনেকে আবার এই প্রসঙ্গে ইমাম উল হকের পাশেও দাঁড়িয়েছেন। তাঁদের বক্তব্য, আজ পর্যন্ত কোনও দিন তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠেনি। এখন হঠাৎ করেই অভিযোগ হলো। আসলে মেয়েগুলোই ইমামের থেকে সুবিধা নিতে চেয়েছিলেন। না পেয়ে এখন তাঁকে কলুষিত করার চেষ্টা করছেন।