শচীনের ৫টা ট্রিপল সেঞ্চুরি করা উচিত ছিল, কীভাবে বড় রান করতে হয় জানতেন না মাস্টার-ব্লাস্টার, আক্ষেপ কপিলের
দ্য ওয়াল ব্যুরো: বিশ্বের সেরা ক্রিকেটার বলা হয় তাঁকে। সবথেকে বেশি রান, সবথেকে বেশি সেঞ্চুরি, সব রেকর্ডই রয়েছে মাস্টার ব্লাস্টার শচীন তেণ্ডুলকরের দখলে। কেবল একটা রেকর্ড তিনি করতে পারেননি। তা হল টেস্টে ট্রিপল সেঞ্চুরি করা। সবথেকে বেশি ডবল সেঞ
শেষ আপডেট: 29 July 2020 08:10
দ্য ওয়াল ব্যুরো: বিশ্বের সেরা ক্রিকেটার বলা হয় তাঁকে। সবথেকে বেশি রান, সবথেকে বেশি সেঞ্চুরি, সব রেকর্ডই রয়েছে মাস্টার ব্লাস্টার শচীন তেণ্ডুলকরের দখলে। কেবল একটা রেকর্ড তিনি করতে পারেননি। তা হল টেস্টে ট্রিপল সেঞ্চুরি করা। সবথেকে বেশি ডবল সেঞ্চুরির রেকর্ডও শচীনের দখলে নেই। আর তার কারণ ব্যাখ্যা করলেন ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব।
টেস্ট ক্রিকেটে ছ’টি ডবল সেঞ্চুরি রয়েছে শচীনের। কিন্তু ডবল সেঞ্চুরির তালিকায় ১২তে রয়েছেন তিনি। এই তালিকায় সবার আগে রয়েছে স্যার ডোনাল্ড ব্র্যাডম্যান। ১২টি ডবল সেঞ্চুরি রয়েছ তাঁর। ছটি ডবল সেঞ্চুরি করতে সবথেকে বেশি ২০০ টেস্ট খেলেছেন শচীন।
এই প্রসঙ্গেই একটি সাক্ষাৎকারে ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব বলেন, “শচীনের যা প্রতিভা ছিল, তা আমি কারও মধ্যে দেখিনি। উনি জানতেন কীভাবে সেঞ্চুরি করতে হয়। কিন্তু কোনও দিন উনি নির্মম ছিলেন না। কীভাবে সেঞ্চুরি করতে হয় উনি জানতেন, কিন্তু কীভাবে তাকে ডবল বা ট্রিপল সেঞ্চুরিতে পরিণত করতে হয় সেটা উনি জানতেন না।”
শচীনের যা প্রতিভা ছিল তাতে ওনার অন্তত ৫টা ট্রিপল সেঞ্চুরি ও আরও ১০টা ডবল সেঞ্চুরি করা উচিত ছিল বলেই মত কপিলের। তিনি বলেন, “শচীনের ৫টা ট্রিপল সেঞ্চুরি ও আরও ১০টা ডবল সেঞ্চুরি করা উচিত ছিল। কারণ ওর ক্ষমতা ছিল ফাস্ট বোলার ও স্পিনারদের প্রতি ওভারে বাউন্ডারি মারার।”
টেস্টে সবথেকে বেশি সেঞ্চুরি রয়েছে শচীনের। ৫১টি সেঞ্চুরি রয়েছে তাঁর। কিন্তু প্রথম ডবল সেঞ্চুরি করতে ১০ বছর সময় লেগেছিল তাঁর। এমনকি তাঁর ৫১টি সেঞ্চুরির মধ্যে মাত্র ২০টি সেঞ্চুরির ক্ষেত্রে ১৫০-র বেশি রান আছে তাঁর। অবশ্য প্রথম ব্যাটসম্যান হিসেবে একদিনের ক্রিকেটে ডবল সেঞ্চরি করেছিলেন মাস্টার ব্লাস্টার।
শচীনের এই বড় রান না করার পিছনে মুম্বই ক্রিকেট দায়ী বলে মনে করেন কপিল। তাঁর কথায়, “যেহেতু শচীন মুম্বই থেকে উঠে এসেছেন, তাই ওর মানসিকতা হল সেঞ্চুরি করার পরে ফের শূন্য থেকে শুরু করতে। কিন্তু আমি বারবার বলি সেঞ্চুরির পরে নির্মম হতে। যাতে বোলাররাও তোমাকে ভয় পাবে। শচীনের দারুণ প্রতিভা ছিল। কিন্তু সেঞ্চুরি করার পরে নির্মম না হয়ে সিঙ্গল নিতেন শচীন।”
ভারতীয়দের মধ্যে বর্তমানে সবথেকে বেশি ডবল সেঞ্চুরি রয়েছে ভারত অধিনায়ক বিরাট কোহলির। সাতটি ডবল সেঞ্চুরি রয়েছে তাঁর। ভারতীয়দের মধ্যে বীরেন্দ্র সেহওয়াগ ২টি ও করুণ নায়ার একটি ট্রিপল সেঞ্চুরি করেছেন।