দ্য ওয়াল ব্যুরো: জল্পনার অবসান। কপিল দেবের নেতৃত্বাধীন কমিটিই ঠিক করবে ভারতের নতুন কোচ। শুক্রবার এ কথা জানিয়ে দিল প্রশাসনিক কমিটি।
প্রশাসনিক কমিটির চেয়ারম্যান বিনোদ রাই শুক্রবার জানিয়েছেন, প্রাক্তন অধিনায়ক কপিল দেব, প্রাক্তন মহিলা ক্রিকেট দলের অধিনায়ক শান্তা রঙ্গস্বামী ও প্রাক্তন কোচ অংশুমান গায়কোয়াড়ের তিন সদস্যের কমিটিই ভারতীয় দলের নতুন কোচের বাছাই করবে। কিন্তু এই কমিটিকে অ্যাড হক কমিটি বলা যাবে না। এই কমিটিকে ক্রিকেট অ্যাডভাইসরি কমিটি বলা হবে বলেই জানিয়েছেন বিনোদ রাই। আগে এই অ্যাডভাইজরি কমিটির সদস্য ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, শচীন তেণ্ডুলকর ও ভিভিএস লক্ষ্মণ। কিন্তু স্বার্থের সংঘাত হওয়ায় তাঁরা এই কমিটি থেকে পদত্যাগ করেন। তাঁদের জানানো হয়, ক্রিকেটের যে কোনও একটি বিষয়ের সঙ্গেই যুক্ত থাকতে পারবেন তাঁরা। সেই মামলা এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন।
এই মুহূর্তে ভারতীয় দলের কোচ হিসেবে রবি শাস্ত্রী অ্যান্ড কোম্পানিকে ৪৫ দিনের এক্সটেনশন দিয়েছে বোর্ড। ক্যারিবিয়ান সফর পর্যন্ত তাঁরা দলের সঙ্গে থাকবেন। তার মধ্যেই নতুন কোচের বাছাই প্রক্রিয়া শেষ করতে হবে। জানা গিয়েছে, অগস্ট মাসের মাঝামাঝি হবে এই ইন্টারভিউ। রবি শাস্ত্রী পুনরায় ভারতীয় দলের কোচ হতে গেলে তাঁকেও ইন্টারভিউ দিতে হবে বলেই জানানো হয়েছে।
ভারতীয় দলের কোচ হওয়ার দৌড়ে অবশ্য রয়েছেন একাধিক হেভিওয়েট নাম। প্রাক্তন ভারতীয় কোচ গ্যারি কার্স্টেন, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র সেহওয়াগ, শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার মাহেলা জয়বর্ধনে ছাড়াও টম মুডি, মিকি আর্থারের মতো নামও নাকি রয়েছে কোচ হওয়ার দৌড়ে। এর মধ্যে ভারতীয় দলে ভাঙনের ইঙ্গিত মিলেছে। অধিনায়ক বিরাট কোহলি ও সহ-অধিনায়ক রোহিত শর্মার মধ্যে মনোমালিন্য দেখা দিয়েছে বলে খবর। সস্প্রতি তাঁদের ইনস্টাগ্রাম কাণ্ড সবার সামনে এসেছে। তাই এই মুহূর্তে ভারতীয় দলের জন্য এমন কোচ দরকার যিনি দলকে এই ভাঙনের হাত থেকে বাঁচাতে পারেন। এখন দেখার কপিল দেবের কমিটি কার দিকে নিজেদের সম্মতি জানান।