দ্য ওয়াল ব্যুরো: গত রবিবার মশাল মিছিলের মধ্যে দিয়ে শুরু হয়েছে ইস্টবেঙ্গলের শতবর্ষ উদযাপন। আজ, বৃহস্পতিবার ক্লাবের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে বিকেলে চাঁদের হাট বসতে চলেছে নেতাজি ইনডোর স্টেডিয়ামে।
অনুষ্ঠানে যোগ দিতে এ দিন সকালেই শহরে চলে এসেছেন ৮৩-র বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিলদেব নিখাঞ্জ। হরিয়ানা হ্যারিকেনকে এ শতবর্ষের ভারত গৌরব সম্মান দিচ্ছে লাল-হলুদ। জীবনকৃতি সম্মান দেওয়া হবে প্রাক্তন ফুটবলার মনোরঞ্জন ভট্টাচার্য এবং ভাস্কর গঙ্গোপাধ্যায়কে।
এ দিনের অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা প্রাক্তন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক তথা সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, বাইচুং ভুটিয়া, সুনীল ছেত্রী-সহ একাধিক তারকার। গত মরসুমের সেরা ফুটবলারের পুরস্কার পাবেন ডানমাওয়াইয়া রালতে। শতবর্ষে ক্রীড়া সাংবাদিক হিসবে সম্মানিত হবেন গৌতম ভট্টাচার্য।
বিকেল পাঁচটায় অনুষ্ঠান শুরুর সময় থাকলেও, ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে বিকেল সাড়ে তিনটেতেই খুলে দেয়াওয়া হবে নেতাজি ইনডোরের গেট। ক্লাব কর্তাদের অনুমান, প্রচুর সমর্থক আসবেন ইতিহাসের সাক্ষী হতে। তাই আন্দাজ করেই নেতাজি ইন্ডোরের বাইরে ক্ষুদিরাম অনুশীলন এবং লাগোয়া এলাকায় হাফ ডজন জায়েন্ট স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে।