দ্য ওয়াল ব্যুরো: চিনের পরেই করোনা ভাইরাসে সবথেকে বেশি আক্রান্ত হয়েছে ইতালি। ইতিমধ্যেই সেখানে অন্তত ৮২৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এবার করোনা ভাইরাস থাবা বসিয়েছে ফুটবল মাঠেও। এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সতীর্থ ড্যানিয়েল রুগানি।
জুভেন্টাসের তরফেই একথা জানানো হয়েছে। ক্লাব জানিয়েছে, দলের ডিফেন্ডার ড্যানিয়েল রুগানির শরীরে করোনা ভাইরাসের জীবাণু পাওয়া গিয়েছে। দলের তরফে তাঁকে এখন প্র্যাকটিসে আসতে বারণ করা হয়েছে। তাঁর চিকিৎসা চলছে। আশা করা যাচ্ছে, দ্রুত সুস্থ হয়ে উঠবেন রুগানি। দল সব পরিস্থিতিতে তাঁর সঙ্গে রয়েছে।
দলের তরফে আরও জানানো হয়েছে, কয়েক দিন আগেও দলের সঙ্গে অনুশীলন করেছেন রুগানি। তাই তাঁর সংস্পর্শে আসা প্রত্যেকে ফুটবলার ও সাপোর্ট স্টাফকে পরীক্ষা করে দেখা হবে। এই প্রথম কোনও ফুটবলার করোনা ভাইরাসে আক্রান্ত হলেন। ইতালির জাতীয় দলের হয়েও খেলেন রুগানি।
শেষবার ইন্টার মিলানের বিরুদ্ধে ম্যাচ খেলেছেন রুগানি। তাই মিলানের ফুটবলারদের শরীরও পরীক্ষা করে দেখা হবে বলে জানানো হয়েছে। এই অবস্থায় ইতালিয়ান সিরি এ-র বাকি ম্যাচগুলো স্থগিত করে রাখা হবে কিনা সেই চিন্তাভাবনা করছে সিরি এ কর্তারা। ১৮ মার্চ চ্যাম্পিয়ন্স লিগের প্রি-কোয়ার্টার ফাইনালের ফিরতি ম্যাচে তুরিনে জুভেন্টাসের মুখোমুখি হওয়ার কথা লিঁওর। সেই ম্যাচ হবে কিনা তা নিয়েও চিন্তাভাবনা করছে উয়েফা।
এই পরিস্থিতিতে ইতালি ছেড়ে নিজের জন্মস্থান পর্তুগালের মাদেইরাতে চলে গিয়েছেন রোনাল্ডো। এখন যেহেতু সিরি-এর ম্যাচ স্থগিত রয়েছে তাই দলের সঙ্গে যোগ দিচ্ছেন না তিনি।
করোনা ভাইরাসের প্রকোপ দিন দিন বেড়েই চলেছে ইতালিতে। এই পরিস্থিতিতে গোটা ইতালিতে জরুরি অবস্থা জারি করেছে সরকার। শুধু খাবার হোটেল ও ওষুধের দোকান ব্যতীত সবকিছু বন্ধ করে দেওয়া হয়েছে। তার মধ্যেই এবার ফুটবল মাঠে করোনার থাবা চতুন করে চিন্তার উদ্রেক করেছে।