সমবেতনের মামলায় হার আমেরিকার মহিলা ফুটবল দলের, লড়াই চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি র্যাপিনোর
দ্য ওয়াল ব্যুরো: পুরুষ দলের সমপরিমাণ বেতনের দাবি তুলে আদালতের দ্বারস্থ হয়েছিল আমেরিকার মহিলা ফুটবল দল। সেই মামলায় হারতে হল তাদের। বর্তমানে মহিলাদের বিশ্ব চ্যাম্পিয়ন দলের আর্জি খারিজ করে দিয়েছে আদালত। কিন্তু তারপরেও এই লড়াই চলবে বলেই জানিয়েছ
শেষ আপডেট: 2 May 2020 06:38
দ্য ওয়াল ব্যুরো: পুরুষ দলের সমপরিমাণ বেতনের দাবি তুলে আদালতের দ্বারস্থ হয়েছিল আমেরিকার মহিলা ফুটবল দল। সেই মামলায় হারতে হল তাদের। বর্তমানে মহিলাদের বিশ্ব চ্যাম্পিয়ন দলের আর্জি খারিজ করে দিয়েছে আদালত। কিন্তু তারপরেও এই লড়াই চলবে বলেই জানিয়েছেন মহিলা ফুটবল দলের তারকা তথা ব্যালন ডি’ওর জয়ী মেগান র্যাপিনো।
শুক্রবার আদালতে এই মামলায় হারতে হয় মহিলা দলকে। বিচারক গ্যারি ক্লুজনার বলেন, এই মামলার শুনানি ইউনাইটেড স্টেটস সকার ফেডারেশনের পক্ষেই হচ্ছে। কারণ, মহিলারা যে অভিযোগ করেছেন তা সত্যি নয়। আদালতে এটা প্রমাণিত হয়েছে, যে পুরুষদের সমান বেতনের প্রস্তাব মহিলা ফুটবলারদের দেওয়া হয়েছিল। কিন্তু তাঁরা নিজেরাই সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। তাই ফেডারেশনের বিরুদ্ধে দোষারোপ করা ঠিক নয়।
শুনানিতে গ্যারি ক্লুজনার এও জানিয়েছেন, এই মামলা খারিজ হলেও কিছু ক্ষেত্রে যেমন সফরে যাওয়া, থাকার সুবিধা কিংবা মেডিক্যাল সাপোর্টের ক্ষেত্রে পুরুষদের থেকে কম সুবিধা পান মহিলারা। তাই সেই বিষয়গুলি নিয়ে সওয়াল-জবাব চলবে।
এই নির্দেশে স্তম্ভিত মহিলা ফুটবল দল। তাঁরা সমবেতনের অধিকার আইনের আওতায় ৫০০ কোটি টাকার মামলা দায়ের করেছিলেন। অবশ্য এর পরেও তাঁদের লড়াই থামবে না বলেই জানিয়েছেন এই মুহূর্তে বিশ্বের সেরা মহিলা ফুটবলার মেগান র্যাপিনো। তিনি টুইটারে বলেন, “আমরা সাম্যের অধিকারের এই লড়াই চালিয়ে যাব।”
আদালতের নির্দেশের পরে মহিলা ফুটবল দলের মুখপাত্র মলি লেভিনসন জানিয়েছেন, “আজকের এই সিদ্ধান্তে আমরা স্তম্ভিত ও হতাশ। কিন্তু আমরা সমবেতনের এই দাবি থেকে সরে আসব না। আমরা আমাদের আবেদনে বিশ্বাসী। আমাদের এই লড়াই তাঁদের জন্য যাঁরা খেলার স্বপ্ন দেখেন। খেলতে এসে শুধুমাত্র লিঙ্গবৈষম্যের জন্য যেন তাঁরা কম মূল্য না পান। আমরা জানি এই পরিবর্তন খুবই কঠিন। কিন্তু আমাদের সেই সাহস ও ক্ষমতা আছে যে সেই পরিবর্তন আমরা আনতে পারব।”
আমেরিকার পুরুষ ফুটবল দলের তুলনায় মহিলা ফুটবল দল অনেক বেশি শক্তিশালী। পুরুষদের ফুটবল দল যেখানে কোনও রকমে বিশ্বকাপের যোগ্যতা অর্জন করে, সেখানে গত দু’বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন আমেরিকার মহিলা ফুটবল দল। গত বছর ফ্রান্সে বিশ্বকাপ জিতে উঠে পুরস্কার মূল্যের নিরিখে ফিফার বিরুদ্ধেও তোপ দেগেছিলেন মেগান র্যাপিনো।
২০১৪ সালে পুরুষদের বিশ্বকাপ জিতে জার্মানি পেয়েছিল ২৬৪ কোটি টাকা। ২০১৮ সালে ফ্রান্স বিশ্বকাপ জিতে পায় ২৮৬ কোটি টাকা। অথচ ২০১৫ ও ২০১৯ সালে মহিলাদের দুটি বিশ্বকাপ জিতে আমেরিকার মহিলা ফুটবল দল মোট ৪৫ কোটি টাকা পেয়েছে। এই বৈষম্যের বিরুদ্ধেই লড়াই করছেন তাঁরা।