দ্য ওয়াল ব্যুরো: খেলোয়াড় জীবনে তাঁর ফিল্ডিংয়ের ফ্যান ছিল গোটা ক্রিকেট দুনিয়া। ক্রিকেট ছাড়ার পরেও জনপ্রিয়তায় বিশেষ ভাটা পড়েনি। বিশেষ করে আইপিএলের দৌলতে বছরের অনেকটা সময় ভারতেই কাটাতে হয় তাঁকে। এবার ভারতে এসে প্রথমেই গঙ্গায় ডুব দিলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার জন্টি রোডস।
২৯ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল। তার আগে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে যোগ দিয়েছেন জন্টি। রোহিতদের ফিল্ডিং কোচ তিনি। আর তাই বেশ খানিকটা আগেই চলে আসতে হয় জন্টিকে। কিন্তু এবার এসে আগে হৃষিকেশ চলে গিয়েছিলেন জন্টি। সেখানে গিয়ে গঙ্গায় স্নান করে এসেছেন তিনি।
https://twitter.com/JontyRhodes8/status/1235130798036209664
সম্প্রতি নিজের টুইটারে একটি ছবি শেয়ার করেছেন এই প্রাক্তন ক্রিকেটার। সেখানে দেখা যাচ্ছে গলা অবধি জলে ডুবে তিনি। ক্যাপশনে লিখেছেন, "ভারতের এসে পবিত্র গঙ্গায় স্নান করলাম। এই ঠান্ডা জলে শারীরিক ও আধ্যাত্মিক শান্তি পাওয়া যায়।"
এই ছবি শেয়ার করার পরেই সেটা ভাইরাল। ভারতের ঐতিহ্য ও সংস্কৃতিকে সম্মান করার জন্য সবাই তাঁর প্রশংসা করেছেন। কেউ আবার মজা করে বলেছেন, জন্টিকে ভারতের নাগরিকত্ব দিয়ে দেওয়া হোক। কেউ আবার ঠান্ডা জলে স্নান করায় তাঁর ক্ষমতার তারিফ করেছেন। সব মিলিয়ে ভারতের পা দিয়েই সুপারহিট জন্টি রোডস।