ধোনিকে কটাক্ষ ইশান্তের, বোলারদের রোটেশন পদ্ধতিতে খেলানোয় ধারাবাহিকতা আসেনি দলে
দ্য ওয়াল ব্যুরো: গত কয়েক বছরে লাল বলের ক্রিকেটে ভারতের অন্যতম সেরা বোলার হিসেবে উঠে এসেছেন ইশান্ত শর্মা। অথচ কয়েক বছর আগে দলে সুযোগ মিলত না সেভাবে। মহেন্দ্র সিংহ ধোনির অধিনায়কত্বের তুলনায় বিরাট কোহলির অধিনায়কত্বে অনেক বেশি তীক্ষ্ণ ইশান্ত। ক
শেষ আপডেট: 29 December 2019 10:49
দ্য ওয়াল ব্যুরো: গত কয়েক বছরে লাল বলের ক্রিকেটে ভারতের অন্যতম সেরা বোলার হিসেবে উঠে এসেছেন ইশান্ত শর্মা। অথচ কয়েক বছর আগে দলে সুযোগ মিলত না সেভাবে। মহেন্দ্র সিংহ ধোনির অধিনায়কত্বের তুলনায় বিরাট কোহলির অধিনায়কত্বে অনেক বেশি তীক্ষ্ণ ইশান্ত। কী ভাবে এল এই বদল। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে ধোনির রোটেশন পদ্ধতিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন দিল্লির এই পেসার।
রঞ্জি ট্রফিতে হায়দরাবাদকে সহজে হারানোর পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই প্রসঙ্গ তোলেন ইশান্ত। এর আগে ভারতের পেস বোলিং বিভাগ সেরকম দাগ কাটতে না পারার পিছনে প্রধান দুটো কারণকে তুলে এনেছেন তিনি। এক, অভিজ্ঞতার অভাব। দুই, ধোনির রোটেশন পদ্ধতিতে পেসারদের খেলানো।
ইশান্ত বলেন, "২০০৭ সালে আমি খেলা শুরু করি। তখন অধিনায়ক ছিলেন রাহুল দ্রাবিড়। তারপর অনিল কুম্বলে হয়ে মহেন্দ্র সিং ধোনি অধিনায়ক হন। কিন্তু তখন বোলার হিসেবে অভিজ্ঞতার অনেক অভাব ছিল। নিজের শক্তি বুঝতাম না। মাঠে সবকিছু করার চেষ্টা করতাম। ফলে সেই প্রভাব পড়ত না। কিন্তু বিরাট যখন অধিনায়ক হন, তখন আমি অনেকটাই অভিজ্ঞ। নিজের শক্তি, দুর্বলতা বুঝে সেই অনুযায়ী বল করি। তাই সাফল্য আসে।

দ্বিতীয় কারণ হিসেবে ধোনির অধিনায়কত্বকে তুলে আনেন ইশান্ত। তিনি বলেন, "তখন পেস বোলারদের রোটেশন পদ্ধতিতে খেলানো হত। সাত-আটজন পেসার ছিল। ফলে সুযোগ অনেক কম পাওয়া যেত। ধারাবাহিক না খেললে বোলারদের রিদম থাকে না। বিপক্ষ দলের উপর নির্ভর করে বোলারদের পরিশ্রমও বদলে যায়। তার উপর দেশের মাটি, বিদেশের মাটির ব্যাপার তো আছেই। ফলে তখন সেই ধারাবাহিকতা থাকত না। কিন্তু এখন পেস বোলারদের চার-পাঁচজনেরই একটা পুল আছে। ফলে সুযোগ অনেক বেশি মেলে। তার ফলও পাওয়া যায়।"
বাড়ির থেকে ড্রেসিং রুমে সময় কাটানোর ফলও যে তাঁর বোলিংয়ে পড়েছে তা স্বীকার করেন এই দীর্ঘদেহী বোলার। ইশান্তের কথায়, "এখন বাড়ির থেকে বেশি ড্রেসিং রুমে থাকি। সবার সঙ্গে কথা হয়। অভিজ্ঞতার লেনদেন হয়। ফলে অনেক বেশি সুবিধা হয়। একে অন্যের সাফল্যও আমরা অনেক বেশি উপভোগ করি। তার সুফল মাঠে দেখা যায়।"