দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার বোর্ডের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠক রয়েছে। অনলাইনে এই বৈঠকে যোগ দেবেন বিসিসিআই কর্তারা। জানা গিয়েছে, এই পরিস্থিতিতে এই বৈঠকের প্রধান আলোচনার বিষয় হল আইপিএল ও আগামী দিনে ভারতের বিদেশ সফর। এছাড়া ঘরোয়া ক্রিকেট নিয়েও আলোচনা হওয়ার কথা এদিনের বৈঠকে।
সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, অ্যাপেক্স কাউন্সিলের এই বৈঠকে ১১ দফা বিষয়ে আলোচনা হওয়ার কথা। কিন্তু তার মধ্যে প্রধান গুরুত্ব দেওয়া হয়েছে দুটি বিষয়ে। প্রথম হল আইপিএল। চলতি বছরের এশিয়া কাপ বাতিল ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। যা মনে হচ্ছে তাতে অক্টোবর নভেম্বর মাসে টি ২০ বিশ্বকাপও বাতিলই ঘোষণা করতে চলেছে আইসিসি। সেক্ষেত্রে সেপ্টেম্বর-অক্টোবরে বিসিসিআইয়ের কাছে সুযোগ রয়েছে আইপিএল করার।
এবছর আইপিএল না হলে প্রায় ৪ হাজার কোটি টাকা লোকসান হবে বিসিসিআইয়ের। সেটা তারা চাইছে না। তাই যেভাবেই হোক এই টুর্নামেন্টের আয়োজন করার চেষ্টা হচ্ছে। আর এক্ষেত্রে সবথেকে বড় প্রতিবন্ধকতা হল ভারতের সাম্প্রতিক করোনা পরিস্থিতি। দেশে সংক্রমণ বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে কোনও দেশ তাদের ক্রিকেটারদের ভারতে খেলতে পাঠাতে রাজি হবে কিনা তার নিশ্চয়তা নেই। ফাঁকা স্টেডিয়ামে টুর্নামেন্ট, এমনকি দরকার পড়লে অন্য দেশেও টুর্নামেন্ট করাতে রাজি বোর্ড। সেই বিষয়েই এদিন আলোচনা হওয়ার কথা।
বোর্ড সূত্রে খবর, ভারতের বাইরে শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরশাহীতে আইপিএল করাতে রাজি রয়েছে বোর্ড। দুই দেশের সঙ্গে কিছুটা কথা বলাও আছে। কিন্তু পুরোটাই নির্ভর করছে টি ২০ বিশ্বকাপ নিয়ে আইসিসির সিদ্ধান্তের উপর। যতক্ষণ না আইসিসি কিছু ঘোষণা করছে, ততদিন এই বিষয়ে কিছু সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। সামনে সোমবার আইসিসির বৈঠক রয়েছে। সেখানেই টি ২০ বিশ্বকাপ নিয়ে কিছু সিদ্ধান্ত নেওয়া হতে পারে। আর সেরকম হলে বিসিসিআই কী ভাবে অগ্রসর হবে তা নিয়ে আলোচনা হওয়ার কথা এদিনের বৈঠকে।
আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হল ভারতের আগামী সফরগুলি ঠিক করা। কোহলিদের ফিউচার ট্যুরস অ্যান্ড প্রোগ্রাম নিয়ে এদিন আলোচনা হবে। যা মনে হচ্ছে, তাতে ডিসেম্বরে অস্ট্রেলিয়া সফরের আগে অন্য কোনও সিরিজ নেই কোহলিদের। তার আগের শ্রীলঙ্কার সঙ্গে অ্যাওয়ে এবং জিম্বাবোয়ে ও ইংল্যান্ডের সঙ্গে হোম সিরিজ বাতিল প্রায় হয়েই গিয়েছে। খালি সরকারি ঘোষণার অপেক্ষা।
এছাড়া ঘরোয়া মরসুম নিয়েও আলোচনা হওয়ার কথা এদিনের বৈঠকে। বিসিসিআই প্রেসিডেন্ট হওয়ার পরে সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, তাঁর বোর্ডের প্রধান লক্ষ্য থাকবে ঘরোয়া ক্রিকেটের উপর। তাই এই করোনার আবহে রঞ্জি ট্রফি, বিজয় হাজারে, দিলীপ ট্রফি, সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্ট কী ভাবে করা যাবে তা নিয়ে আলোচনা হওয়ার কথা এদিন। এছাড়া রাহুল জোহরির পদত্যাগের পর বোর্ডের নতুন চিফ একজিকিউটিভ অফিসার নিয়োগ নিয়ে কী ভাবে এগোনো যাবে তা নিয়েও আজকের বৈঠকে আলোচনা হওয়ার কথা।