
শেষ আপডেট: 24 January 2019 07:38
লরেন ডন খাতা খোলার আগেই পুণম যাদবের বলে স্ট্যাম্প আউট হন৷ অ্যামি স্যাদারওয়েট ৩১ রান করে প্যাভিলিয়নে ফেরেন৷ অ্যামেলিয়া কের ২৮ রান করে আউট হন৷ গ্রিন (১০), ক্যাসপারেক (৬) ও রোউইকে (২৫) আউট করেন একতা বিস্ত৷ বেজুইডেনহাট ৯ রান করে দীপ্তির দ্বিতীয় শিকার হন৷ হাডলস্টোনকে আউট করে নিউজিল্যান্ডের ইনিংসের ইতি ঘটান শিখা পান্ডে৷ তাহুহু নটআউট থাকেন ৪ রান করে৷ ৪৮.৪ ওভারে ১৯২ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ডের মহিলা দল।
ভারতের হয়ে তিনটি করে উইকেট নেন একতা বিস্ত ও পুণম যাদব৷ দু’টি উইকেট নিয়েছেন দীপ্তি৷ একটি উইকেট শিখার৷ ঝুলন গোস্বামীর বলে দুটি ক্যাচ পড়ে। নইলে তিনিও থাকতেন উইকেট কলামে। উইকেট না পেলেও কৃপণ বোলিং করেছেন অভিজ্ঞ ঝুলন৷
জবাবে ব্যাট করতে নেমে দুরন্ত ব্যাটিং করেন ভারতের দুই ওপেনার স্মৃতি মান্ধানা ও জেমাইমা রড্রিগেজ। দু'দিন আগেই আইসিসি বর্ষসেরা মহিলা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন স্মৃতি। সেই আত্মবিশ্বাস যেন ঠিকরে বেরলো স্মৃতির ব্যাট থেকে। প্রথম থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন তিনি। তাঁকে যোগ্য সঙ্গত দেন জেমাইমা। মিতালি রাজের বদলে ওপেন করতে নেমে যথেষ্ট সাবলীল দেখালো তাঁকে।
নিউজিল্যান্ডের ছোট মাঠের ফায়দা তুললেন স্মৃতি। ৯টা চার ও ৩টে ছয় মেরে ১০৪ বলে ১০৫ রানের ইনিংস খেলেন ভারতের এই বাঁহাতি মহিলা ব্যাটার। ১৯০ রানের মাথায় বড় শট খেলে ম্যাচ শেষ করতে গিয়ে নিজের উইকেট হারান মান্ধানা। ততক্ষণে অবশ্য খেলা প্রায় শেষ। অন্যদিকে জেমাইমা ৮১ রানে নটআউট থাকেন। ৩৩ ওভারেই ম্যাচ জিতে যায় ভারতের মেয়েরা।
ম্যাচের সেরা নির্বাচিত হন স্মৃতি মান্ধানা। গত কয়েক বছরে ভারতের মহিলা ক্রিকেট দলের পারফরম্যান্স অনেক উন্নত হয়েছে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব বিভাগেই উন্নত করেছেন মিতালি রাজরা। আগে যেখানে বিদেশের মাটিতে জয় ছিল কল্পনা, সেখানে এখন নিউজিল্যান্ডের মতো দলকে তাদের মাটিতে হেলায় হারাচ্ছে ভারত। কিন্তু এখনও হয়তো ছেলেদের আড়ালেই ঢাকা থাকছে মেয়েদের খেলা। বুধবার যেখানে সবাই তারিয়ে উপভোগ করেছেন কোহলি ব্রিগেডের জয়, বৃহস্পতিবারের খেলার দিকে সেরকম নজর ছিল কি আম জনতার?