দ্য ওয়াল ব্যুরো: রোয়িংয়ের হাত ধরে ষষ্ঠ দিন দারুণ শুরু করল ভারত। জোড়া ব্রোঞ্জ তো এলই, উল্লেখযোগ্যভাবে এশিয়ান গেমসের ইতিহাসে রোয়িংয়ে প্রথমবারের জন্য সোনা এল ভারতের ঝুলিতে।
শুক্রবার ব্রোঞ্জ দিয়ে শুরু করেন ভারতের রোয়ার্সরা। লাইটওয়েট ডাবলস স্কালসে ভগবান সিং-রোহিত কুমার ও লাইটওয়েট সিঙ্গল স্কালসে দুশ্যন্ত ব্রোঞ্জ জিতে পোডিয়ামে জায়গা করে নেন। এরপরই পুরুষদের কোয়াড্রাপল স্কালস ঘিরে জাগছিল প্রত্যাশা। শেষমেষ সোনা জিতে সেই প্রত্যাশা পূরণ করলেন স্বর্ণ সিং, দাত্তু ভোকানল, ওম প্রকাশ এবং সুখমিত সিং।
এই সোনা জয়ের সঙ্গে এশিয়াডে রোয়িংয়ের কোনও ইভেন্টে প্রথম সোনা জিতল ভারত। একইসঙ্গে চলতি এশিয়াডে ভারতের ঝুলিতে প্রবেশ করল পঞ্চম সোনা। রুপো বা ব্রোঞ্জ জিতলেও রোয়িংয়ে এতদিন সোনা ছিল অধরাই। সোনা জয়ের পথে ভারতের কোয়াড্রাপল স্কালস টিম সময় নিল ৬:১৭:১৩ মিনিট। ওই ইভেন্টে রুপো ও ব্রোঞ্জ জিতল যথাক্রমে ইন্দোনেশিয়া ও থাইল্যান্ড।
লাইটওয়েট সিঙ্গল স্কালস বিভাগে ব্রোঞ্জ জয়ের পথে দুশ্যন্ত সময় নিলেন ৭:১৮:৭৬ মিনিট। ডাবলস স্কালস বিভাগে ব্রোঞ্জ জয়ের পথে ভগবান সিং-রোহিত কুমার সময় নিলেন ৭:০৪:৬১ মিনিট।