দ্য ওয়াল ব্যুরো: প্রথমবার টি ২০ বিশ্বকাপের ফাইনালে উঠেছে ভারতের মেয়েরা। আগামী রবিবার নারী দিবসের দিনেই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে হরমনপ্রীতদের সামনে অস্ট্রেলিয়া। বিশ্বকাপ জিততে হলে হোম টিম তথা ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হারাতে হবে ভারতকে। আর তাহলেই নারী দিবসে এক অনন্য নজির গড়বেন স্মৃতি মান্ধানা, শেফালি বর্মারা।
চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত অপরাজিত ভারত। প্রথম ম্যাচে এই অস্ট্রেলিয়াকে হারিয়েই শুরু হয়েছিল বিজয়রথ। সেটাই ছুটছে। গ্রুপের চারটে ম্যাচেই জিতেছে ভারত। ব্যাটিং সেভাবে ক্লিক করতে না পারলেও বোলিং ক্লিক করেছে। শিখা পাণ্ডে, পুনম যাদব, রাধা যাদবরা দুরন্ত ফর্মে রয়েছেন। কঠিন পরিস্থিতি থেকে ম্যাচ বের করে আনছেন তাঁরা। আর তাই ফাইনালে জেতার ব্যাপারেও আত্মবিশাসী ভারত।
এখনও অবধি এই বিশ্বকাপে অবশ্য রান পাননি ভারতের সেরা দুই ব্যাটসম্যান স্মৃতি মান্ধানা ও হরমনপ্রীত কৌর। এই চিন্তাটাই ভাবাচ্ছে ভারতীয় সমর্থকদের। তবে হয়তো ফাইনালের জন্যই নিজেদের সেরা পারফরম্যান্স রেখে দিয়েছেন তাঁরা। মেলবোর্নেই হয়তো ঝলসে উঠবে তাঁদের ব্যাট। সেটাই চাইছেন সমর্থকরা। কারণ অস্ট্রেলিয়াকে হারাতে গেলে এই দু'জনের একজনকে অন্তত বড় রান করতে হবে।
ভারতের আশা অবশ্যই ১৬ বছরের শেফালি বর্মা। চলতি বিশ্বকাপে দুরন্ত ছন্দে রয়েছেন তিনি। আর তারই ফল পেয়েছেন শেফালি। বর্তমানে টি ২০ র্যাঙ্কিংয়ে মেয়েদের ব্যাটসম্যানদের মধ্যে ১ নম্বরে পৌঁছে গিয়েছেন শেফালি। ফাইনালে প্রথম চার ব্যাটসম্যানের উপরেই থাকবে দায়িত্ব। শেফালি, স্মৃতি, জেমাইমা ও হরমনপ্রীতকে ভাল খেলতেই হবে।
দলের বোলাররা অবশ্যই ভাল ছন্দে রয়েছেন। বিশেষ করে গ্রুপের ম্যাচে পুনম যাদবের ভেল্কিতে যেভাবে কুপোকাৎ হয়েছিলেন মেগ ল্যানিং, এলিস পেরিরা, তাতে এই লেগ স্পিনারকে বাড়তি সমীহ করবে অস্ট্রেলিয়া। তবে পুনমকে সঙ্গ দিতে হবে রাধা যাদব, রাজেশ্বরী গায়কোয়াড়, দীপ্তি শর্মাদের। টিম গেম খেললে তবেই জয় আসবে।
অস্ট্রেলিয়াতে খেলা হলেও কিন্তু বিশাল সমর্থন পাবে ভারত। চলতি বিশ্বকাপের সব ম্যাচেই তা দেখা গিয়েছে। তাই সমর্থনের অভাব হবে না। খালি ফাইনাল খেলার নার্ভ ধরে রাখতে হবে। ফাইনালে ভারতের রেকর্ড খুব একটা ভাল নয়। এর আগে ৫০ ওভারের বিশ্বকাপে দুটো ফাইনাল হারতে হয়েছে ভারতকে। হ্যাটট্রিক হতে দিতে চান না তাঁরা। নারী দিবসে দেশকে সাফল্যের শিখরে নিয়ে যেতে বদ্ধপরিকর তাঁরা। আর সেই ১১ নারীর দিকেই তাকিয়ে থাকবে গোটা ভারত।