দ্য ওয়াল ব্যুরো: এবার করোনা আতঙ্কে বাতিল হয়ে গেল ভারত ও কাতারের মধ্যে ফুটবল বিশ্বকাপের বাছাই পর্বের খেলা। এই কথা জানিয়েছে এএফসি। এই ম্যাচের পরবর্তী তারিখ কবে হবে তা এখনও জানানো হয়নি। তবে ২৬ মার্চ ভুবনেশ্বরে যে ম্যাচ হওয়ার কথা ছিল সেটা হচ্ছে না বলেই জানিয়েছে এএফসি।
এই বাছাই পর্বের ম্যাচ উপলক্ষ্যে ৯ মার্চ থেকে ভুবনেশ্বরে জাতীয় শিবির বসার কথা ছিল। কিন্তু এই ঘোষণার পরে সেই শিবির এখন হচ্ছে না বলেই জানিয়েছে ভারতের ফুটবল ফেডারেশন ( এআইএফএফ )।
ফিফার তরফে জানানো হয়েছে, এই মুহূর্তে বিশ্বজুড়ে করোনা ভাইরাসের সামগ্রিক পরিস্থিতির কথা বিচার করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ( হু )-র সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। ৩১ মার্চ তাজিকিস্তানের সঙ্গে একটি ফ্রেন্ডলি ম্যাচ খেলার কথা ছিল ভারতের। কিন্তু এই মুহূর্তে তাও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এতগুলো ম্যাচ বাতিল হওয়ায় ভারতের ক্রীড়াসূচিতে কিছু অদলবদল হতে পারে বলেই জানা যাচ্ছে।
ফেডারেশনের সচিব কুশল দাস জানিয়েছেন, "কাতারের বিরুদ্ধে ভারতের যে বিশ্বকাপের বাছাই পর্বের খেলা ছিল তা পিছিয়ে দেওয়া হয়েছে। তবে এই ম্যাচ কবে ফের আয়োজন করা হবে তা এখনও ঠিক করা হয়নি। তারিখ ঠিক হলেই তা জানিয়ে দেওয়া হবে।"
জানা গিয়েছে, ৯ জুন যুবভারতীতে ভারত ও আফগানিস্তানের মধ্যে ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই ম্যাচও পিছিয়ে দিতে হবে বলে জানানো হয়েছে। আগামী মঙ্গলবার দিল্লিতে এএফসির সঙ্গে বৈঠক রয়েছে এআইএফএফ-এর। সেই বৈঠকেই পরের ম্যাচ কবে হবে তা নিয়ে আলোচনা হবে।
করোনা আতঙ্কে ইতিমধ্যেই একের পর এক টুর্নামেন্ট বাতিল হচ্ছে। সুলতান আজলান শাহ ট্রফি, শ্যুটিং বিশ্বকাপ বাতিল হয়েছে। এশিয়া কাপ থেকে নাম তুলে নিয়েছে ভারতীয় দল। ফলে টুর্নামেন্টই বাতিল হয়েছে। এবার বিশ্বকাপের বাছাই পর্বের খেলা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হল।