ধোনির বিকল্প পেয়ে গিয়েছে ভারত: শোয়েব আখতার
দ্য ওয়াল ব্যুরো: ধোনির বিকল্প কে? এই প্রশ্নটা গত কয়েক মাস ধরে ঘুরপাক খাচ্ছিল ভারতীয় সমর্থকদের মনে। অনেক নাম উঠে এসেছে আলোচনায়। কিন্তু কেউ এখনও সেই জায়গাটা ভরাট করতে পারেননি। এর মধ্যেই ধোনির বিকল্প নিয়ে মুখ খুললেন প্রাক্তন পাকিস্তানি ফাস্ট ব
শেষ আপডেট: 22 January 2020 10:34
দ্য ওয়াল ব্যুরো: ধোনির বিকল্প কে? এই প্রশ্নটা গত কয়েক মাস ধরে ঘুরপাক খাচ্ছিল ভারতীয় সমর্থকদের মনে। অনেক নাম উঠে এসেছে আলোচনায়। কিন্তু কেউ এখনও সেই জায়গাটা ভরাট করতে পারেননি। এর মধ্যেই ধোনির বিকল্প নিয়ে মুখ খুললেন প্রাক্তন পাকিস্তানি ফাস্ট বোলার শোয়েব আখতার। মনীশ পাণ্ডেকে মহেন্দ্র সিং ধোনির বিকল্প হিসেবে তুলে ধরেছেন আখতার।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত সিরিজ জিতে ওঠার পরে নিজের ইউটিউব চ্যানেলে একথা বলেন শোয়েব আখতার। তিনি বলেন, “মহেন্দ্র সিং ধোনির বিকল্প পেয়ে গিয়েছে ভারত। সেই বিকল্পের নাম মনীশ পাণ্ডে।” আখতার আরও বলেন, “মনীশ পাণ্ডে খুবই ভাল ব্যাটসম্যান। শ্রেয়স আইয়ারও কমপ্লিট প্লেয়ার। এর ফলে ভারতের ব্যাটিং গভীরতা অনেক বেড়েছে।”

হঠাৎ মনীশ পাণ্ডেকে ধোনির বিকল্প হিসেবে কেন ভাবলেন আখতার। যুক্তিও দেন তিনি। রাওয়ালপিন্ডি এক্সপ্রেস বলেন, “মনীশ পাণ্ডে, শ্রেয়স আইয়ারের মতো ক্রিকেটাররা অনেক দিন ধরে আইপিএল খেলছে। সেখানে ওরা বিশ্বের সবথেকে ভাল বোলারদের সঙ্গে খেলে। তাই আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নেমে ওদের আর বেশি চাপ থাকে না। অনেক সহজ ভাবে ক্রিকেট খেলতে পারে ওরা।”
২০১৯ সালে বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছ হারের পর থেকে আর ক্রিকেট মাঠে দেখা যায়নি ধোনিকে। কবে দেখা যাবে, কেউ জানেন না। এর মধ্যই বিসিসিআইয়ের কন্ট্রাক্ট লিস্ট থেকে বাদ গিয়েছে ধোনির নাম। তারপরেই অনুরাগীরা বলতে শুরু করেছেন, এবার কি তবে অবসর নেওয়ার পালা মাহির। আন্তর্জাতিক ক্রিকেট না খেললেও আইপিএলের প্রস্তুতি শুরু করে দিয়েছেন ধোনি। বোর্ডের অন্দরে খবর, আইপিএলকেই টি ২০ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখছেন ধোনি। টি ২০ বিশ্বকাপ খেলেই অবসর নেবেন মাহি।