এখনও প্লে-অফে উঠতে পারে নাইট রাইডার্স! কোন অঙ্কে, দেখে নিন
দ্য ওয়াল ব্যুরো: মরসুমের শুরুটা দুরন্ত হয়েছিল কলকাতা নাইট রাইডার্সের। মার্সিডিজের গতিতে চলতে থাকা গাড়িটার হঠাৎ করে মরসুমের মাঝপথে গরুর গাড়ির দশা। পরপর ছ’ম্যাচে হারের ধাক্কায় অনেকটাই পিছিয়ে পড়েছে নাইট রাইডার্স। দেখে মনে হয়েছিল, এই মরসুমে প্র
শেষ আপডেট: 30 April 2019 12:50
দ্য ওয়াল ব্যুরো: মরসুমের শুরুটা দুরন্ত হয়েছিল কলকাতা নাইট রাইডার্সের। মার্সিডিজের গতিতে চলতে থাকা গাড়িটার হঠাৎ করে মরসুমের মাঝপথে গরুর গাড়ির দশা। পরপর ছ’ম্যাচে হারের ধাক্কায় অনেকটাই পিছিয়ে পড়েছে নাইট রাইডার্স। দেখে মনে হয়েছিল, এই মরসুমে প্রথম চারের স্বপ্ন শেষ হয়ে গেল নাইট বাহিনীর। কিন্তু শেষ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দুরন্ত জয়ে ফের লিগের লড়াইয়ে ফিরে এসেছে কলকাতা। এখনও টিকে রয়েছে প্লে-অফের আশা। যদিও সেটা পুরোটাই অঙ্কের হিসেবে।
দেখে নেওয়া যাক, ঠিক কী হলে তবেই শেষ চারে পা দেবে নাইট রাইডার্স।
প্রথমে দেখে নেওয়া যাক এই মুহূর্তে পয়েন্ট টেবিলটা ঠিক কীরকম।
|
দলের নাম
|
ম্যাচ |
পয়েন্ট |
|
দিল্লি ক্যাপিটালস
|
১২ |
১৬ |
|
চেন্নাই সুপার কিংস
|
১২ |
১৬
|
|
মুম্বই ইন্ডিয়ান্স
|
১২ |
১৪
|
|
সানরাইজার্স হায়দরাবাদ
|
১২ |
১২
|
|
কলকাতা নাইট রাইডার্স
|
১২ |
১০
|
|
কিংস ইলেভেন পঞ্জাব
|
১২ |
১০
|
| রাজস্থান রয়্যালস |
১২ |
১০
|
| রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু |
১২ |
০৮
|
অর্থাৎ পয়েন্ট টেবিল থেকে এটা পরিষ্কার, দিল্লি ক্যাপটালস ও চেন্নাই সুপার কিংস ইতিমধ্যেই পৌঁছে গেছে প্লে অফে। মুম্বই ইন্ডিয়ান্সও এক পা দিয়েই রেখেছে। লড়াইটা মূলত কলকাতা, হায়দরাবাদ, পঞ্জাব ও রাজস্থানের মধ্যে।
এই চার দলের মধ্যে সবথেকে ভালো জায়গায় রয়েছে ডেভিড ওয়ার্নারের হায়দরাবাদ। ১২ পয়েন্ট তাদের। কিন্তু দলের দুই প্রধান তারকা ডেভিড ওয়ার্নার ও জনি বেয়ারস্টো দেশের ফিরে গিয়েছেন। ফলে হায়দরাবাদের শক্তি এখন অনেকটাই কম।
অন্যদিকে কলকাতা আগের ম্যাচে মুম্বইকে বড় ব্যবধানে হারিয়েছে। পরের খেলা পঞ্জাবের সঙ্গে। পঞ্জাবের সাম্প্রতিক যা ফর্ম, তাতে কলকাতার পক্ষে তাদের হারানো সম্ভব। তারমধ্যে প্রথম লেগের খেলায় পঞ্জাবকে হারিয়েছে কলকাতা। ফলে প্রীতি জিন্টার দলের বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাস ভালো থাকবে কার্তিকদের। কলকাতার শেষ ম্যাচ ফের মুম্বইয়ের বিরুদ্ধে ওয়াংখেড়েতে। সেই ম্যাচও জিততে হবে রাসেলদের। এই দুই ম্যাচ জিতলে কলকাতার পয়েন্ট হবে ১৪। কলকাতা জিতলে পঞ্জাব হারবে। অর্থাৎ তারা এমনিতেই বেরিয়ে যাবে লিগের লড়াই থেকে।
অন্যদিকে রাজস্থানের পয়েন্ট সমান হলেও রানরেট কলকাতার থেকেই অনেকটাই কম। শেষ চার দলের মধ্যে সবথেকে ভালো রানরেট কলকাতার। তারমধ্যে রাজস্থানের খেলা রয়েছে বেঙ্গালুরু ও দিল্লির মতো দলের বিরুদ্ধে। তাই রাজস্থানের থেকে কলকাতার চাপ খুব একটা নেই।
অর্থাৎ কলকাতার একমাত্র প্রতিপক্ষ হচ্ছে হায়দরাবাদ। তাদের পরের লড়াই মুম্বইয়ের বিরুদ্ধে। শেষ ম্যাচে প্রতিপক্ষ বিরাট কোহলির বেঙ্গালুরু। এই দুটো ম্যাচই হারতে হবে হায়দরাবাদকে। কারণ তাদের রানরেট আট দলের মধ্যে সবথেকে ভালো। তাই হায়দরাবাদ একটা ম্যাচ জিতলেই আর কোনও অঙ্কের দরকার পড়বে না।
তাহলে বোঝা যাচ্ছে প্লে অফে যেতে গেলে দুটো অঙ্কই রয়েছে কলকাতার সামনে। এক, নিজেদের বাকি দুই ম্যাচ জিততে হবে। দুই, হায়দরাবাদকে দুই ম্যাচই হারতে হবে। আর এই দুই অঙ্ক মিলে গেলেই শেষ চারে পৌঁছে যাবে কেকেআর। তবে আপাতদৃষ্টিতে এই সম্ভাবনা খুবই কম। তবে ক্রিকেট তো ভাগ্যেরও খেলা। দেখা যাক, কার্তিকের ভাগ্যে শিকে ছেঁড়ে কিনা।