দ্য ওয়াল ব্যুরো : আট বছর আগে ২ এপ্রিলের সেই রাত। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে তখন শ্মশানের স্তব্ধতা। বিশ্বকাপের ফাইনালে আউট হয়ে ফিরে গিয়েছেন শচীন তেণ্ডুলকর ও বীরেন্দ্র সেহওয়াগ। অনেকে টিভি বন্ধ করে দিয়েছেন। কেউ হারের অপেক্ষা করছেন। ঠিক সেই সময়ই ঝলসে উঠেছিল এক দিল্লিওয়ালার ব্যাট। প্রথমে বিরাট কোহলি ও তারপর মহেন্দ্র সিং ধোনির সঙ্গে পার্টনারশিপ গড়ে দলকে জয়ের কাছে নিয়ে গিয়েছিলেন সৌতম গম্ভীর। কিন্তু সেঞ্চুরির থেকে মাত্র তিন রান দূরে ৯৭ রানে আউট হয়ে যান তিনি। ফাইনাল জিতলেও সেঞ্চুরি আসেনি। আর সেই সেঞ্চুরি না হওয়ার জন্য অন্য প্রান্তে দাঁড়িয়ে থাকা তৎকালীন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে দুষলেন গম্ভীর।
সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রাক্তন ক্রিকেটার তথা বর্তমানে বিজেপি সাংসদ গম্ভীর বলেন, “আমাকে অনেকবার এই প্রশ্ন করা হয়েছে যে ৯৭ রানে কী হয়েছিল। আমি সবাইকে বলছি তার আগে আমি একবারও নিজের রানের কথা চিন্তা করিনি। আমি সবসময় শ্রীলঙ্কার রান দেখছিলাম। কী ভাবে সেই রানে পৌঁছন যায় সেই চেষ্টা করছিলাম।” ধোনিই নাকি প্রথম তাঁর মাথায় সেঞ্চুরির চিন্তা ঢোকান বলে জানিয়েছেন গোতি। তিনি বলেন, “আমার মনে আছে একটা ওভার শেষ হওয়ার পর ধোনি আমাকে বলল আর তিন রান করলেই আমার সেঞ্চুরি হয়ে যাবে। তারপরেই আমার ফোকাস নড়ে যায়।”
এর কারণও অবশ্য বলেছেন দিল্লির সাংসদ। গম্ভীরের কথায়, “যখনই আপনার মাথায় ব্যক্তিগত কোনও কৃতিত্বের কথা ঢুকে যায় তখনই আপনি তাড়াহুড়ো করে ফেলেন। তার আগে পর্যন্ত আমার লক্ষ্য ছিল শ্রীলঙ্কার রান তাড়া করা। যদি সেটাই মাথায় থাকত তাহলে হয়তো আমার সেঞ্চুরিও হয়ে যেত।” ভারতের এই প্রাক্তন ওপেনার আরও বলেন, “৯৭ রান পর্যন্ত আমি বর্তমানে ছিলাম। কিন্তু যখনই আমি সেঞ্চুরির কথা ভাবতে শুরু করলাম আমার মনে একটা অন্য চিন্তা চলে এল। সেঞ্চুরি করার তাড়াহুড়োতে থিসারা পেরেরাকে বড় শট খেলতে গিয়ে আউট হয়ে গেলাম।” তাই নতুন প্রজন্মের ক্রিকেটারদের কখনও ফোকাস না হারানোর পরামর্শ দিয়েছেন গম্ভীর। তাঁর বক্তব্য, দলের জন্য খেলা উচিত। নিজের মাইলস্টোন আপনা-আপনিই হয়ে যাবে।