সৌরভের নজরে নতুন প্রতিভা, ছুটলেন বেঙ্গালুরু, বৈঠক দ্রাবিড়ের সঙ্গে
দ্য ওয়াল ব্যুরো: ব্যস্ততা শুরু হয়ে গিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের। দেশের মাটিতে গোলাপি বলে প্রথম দিন-রাতের টেস্ট ম্যাচ করার ব্যাপারে অনেকটা কাজ এগিয়ে নিয়ে বুধবার ছুটে গেলেন বেঙ্গালুরু।
এ দিন কর্ণাটক ক্রিকেট অ
শেষ আপডেট: 30 October 2019 08:59
দ্য ওয়াল ব্যুরো: ব্যস্ততা শুরু হয়ে গিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের। দেশের মাটিতে গোলাপি বলে প্রথম দিন-রাতের টেস্ট ম্যাচ করার ব্যাপারে অনেকটা কাজ এগিয়ে নিয়ে বুধবার ছুটে গেলেন বেঙ্গালুরু।
এ দিন কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের সদর দফতরে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি তথা এনসিএর কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে বৈঠক করবেন সৌরভ। থাকবেন নতুন বোর্ড সচিব জয় শাহও। এনসিএর আগামী পরিকল্পনাকে সময়ের ফ্রেমে বাঁধতেই বোর্ড সভাপতির এই বৈঠক বলে খবর।
একটা সময়ে দ্রাবিড় ছিলেন তাঁর সতীর্থ। ভারতীয় ক্রিকেট টিম থেকে সৌরভের বাদ পড়ার সময়ে দ্রাবিড়ের ভূমিকা নিয়েও সমালোচনা করেছিলেন অনেকে। কিন্তু সে সব এখন অতীত। দু’জনেরই ভূমিকা বদলে গিয়েছে। এদিন সকালের বিমানে কলকাতা থেকে বেঙ্গালুরু উড়ে যান সৌরভ। সাংবাদিকদের বলেছেন, এনসিএর আগামী দিনের কাজকর্মের পরিকল্পনা নিয়েই আজকের বৈঠক হবে।
দু’দিন আগে যখন মুম্বইয়ের অনুষ্ঠানে সৌরভ, ভিভিএস লক্ষ্মণ এবং আজহারউদ্দিন এক জায়গায় হয়েছিলেন, তখন লক্ষণকে বলতে শোনা গিয়েছিল, “আশা করি এবার এনসিএকে গুরুত্ব দিয়ে দেখবে বোর্ড।” আর বুধবারই এনসিএ নিয়ে ব্লু প্রিন্ট ছকতে সেখানে পৌঁছে গেলেন মহারাজ।
বোর্ড সভাপতি হওয়ার পরে প্রথম সাংবাদিক বৈঠকেই বেহালার বাসিন্দা জানিয়েছিলেন, তাঁর লক্ষ্য হবে প্রথম শ্রেণির ক্রিকেট। কারণ বিরাট কোহলি, রোহিত শর্মাদের উপর যতটা আলো পড়ে, ঘরোয়া ক্রিকেটে তার ছিটেফোঁটাও পড়ে না। ফলে যে পরিমাণ নতুন প্রতিভা উঠে আসার কথা রাজ্যগুলি থেকে, তা আসছে না। আর সেটাকেই পাখির চোখ করেছেন সৌরভ। এটাই তাঁর কাছে চ্যালেঞ্জ। একবছরের কম সময়ে ঝড়ের গতিতে এব্যাপারে কাজ এগিয়ে নিয়ে যাওয়া। যাতে কুলিং পিরিওডে যাওয়ার আগে অনেকটা এগিয়ে যায় নতুন প্রতিভা তুলে আনার কাজ। পর্যবেক্ষকদের মতে, পরবর্তী প্রজন্মকে তুলে আনা সৌরভের একটা অভ্যেস। অধিনায়ক থাকার সময়ে হরভজন, যুবরাজ, জাহির খানদের সুযোগ দিয়ে প্রতিষ্ঠা দেওয়ার মূলে তিনিই। প্রশাসক হিসেবে সেই কাজটাকে আরও বড় আঙ্গিকে করতে চাইছেন তিনি।
পড়ুন ‘দ্য ওয়াল’ পুজো ম্যাগাজিন ২০১৯ -এ প্রকাশিত গল্প