চলছে পরিকল্পনা, ফুটবলে এ বার শুরু 'মিনি বিশ্বকাপ'!
দ্য ওয়াল ব্যুরো: ফিফার প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর বলেছিলেন বিশ্বব্যাপী ফুটবলের প্রসার ঘটাতে চান। সেই পরিকল্পনা বাস্তবায়িত করার পথে এক ধাপ এগোলেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্টিনো। এ বার 'মিনি বিশ্বকাপ' চালু করার পরিকল্পনা নিয়েছেন
শেষ আপডেট: 25 October 2018 12:54
দ্য ওয়াল ব্যুরো: ফিফার প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর বলেছিলেন বিশ্বব্যাপী ফুটবলের প্রসার ঘটাতে চান। সেই পরিকল্পনা বাস্তবায়িত করার পথে এক ধাপ এগোলেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্টিনো। এ বার 'মিনি বিশ্বকাপ' চালু করার পরিকল্পনা নিয়েছেন তিনি।
রাশিয়া বিশ্বকাপের সময় মস্কোতে ফিফা কংগ্রেসের বৈঠকে প্রথম উঠে এসেছিল এই মিনি বিশ্বকাপের প্রসঙ্গ। এই বৈঠকেই প্রথম নিজের প্রস্তাব দিয়েছিলেন ইনফ্যান্টিনো। শুক্রবার থেকে রোয়ান্ডায় শুরু হতে চলেছে ফিফা'র রুলিং কাউন্সিলের বৈঠকে। এই বৈঠকে ফের এই বিষয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।
ইনফ্যান্টিনোর পরিকল্পনা অনুযায়ী, বিশ্বকাপের আগে অনুষ্ঠিত হয় ফিফা কনফেডারেশনস কাপ। সেই কনফেডারেশনস কাপের বদলে এ বার আট দেশ নিয়ে 'মিনি বিশ্বকাপ' করার পরিকল্পনা নিয়েছেন ফিফা প্রেসিডেন্ট। তবে চার বছর অন্তর নয়, দু'বছর অন্তর এই টুর্নামেন্টের পরিকল্পনা করা হয়েছে। ২০২১ সাল থেকে এই 'মিনি বিশ্বকাপ' শুরু করার পরিকল্পনা নিয়েছেন তিনি। জানা গেছে মূলত, অক্টোবর-নভেম্বর মাসে হবে এই টুর্নামেন্ট।
এর সঙ্গেই প্রতি বছর ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ না করে বিশ্বকাপের ধাঁচে তা করার পরিকল্পনা নিয়েছেন ইনফ্যান্টিনো। তাঁঁর পরিকল্পনা অনুযায়ী সাতটি নয়, ২৪ টি ক্লাব নিয়ে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ করা হবে। তবে সেটা হবে চার বছর অন্তর। এই পরিকল্পনা নিয়েও আলোচনা হওয়ার কথা এই বৈঠকে।
এখন দেখার ফিফার এক্সিকিউটিভ কাউন্সিলে ফিফা প্রেসিডেন্টের এই সব প্রস্তাব কত তাড়াতাড়ি গৃহীত হয়। আর তাহলেই ফিফার ক্যালেন্ডারে জুড়ে যাবে নতুন টুর্নামেন্ট।