
শেষ আপডেট: 8 December 2019 14:22
নিজেদের পেনাল্টি বক্সের বাইরে বল ধরেন সন। তারপর ঘুরে দৌড়তে শুরু করেন বার্নলির গোলের দিকে। তাঁর চারপাশে তখন পাঁচজন ডিফেন্ডার। দুরন্ত গতিতে পাঁচ ডিফেন্ডারকেই কাটিয়ে যান সন। সামনে আসা দুই ডিফেন্ডারকে ড্রিবল করে বেরোন তিনি। তারপর পেনাল্টি বক্সে ঢুকে আগুয়ান গোলকিপারের পাস দিয়ে বল জালে জড়িয়ে দেন। একাই বল নিয়ে প্রায় গোটা মাঠ কভার করে ঠান্ডা মাথায় সনের গোল চমকে দিয়েছে ফুটবল দুনিয়াকে।
ম্যাচের পরে কোচ হোসে মোরিনহো জানিয়েছেন, "আমি জানতাম গোলের কাছে বল নিয়ে ও যাবে। কিন্তু এভাবে একাই গোল করতে পারবে কিনা তা নিয়ে নিশ্চিত ছিলাম না। নিজের গতির সঙ্গে ঠান্ডা মাথার মিশেলে এই গোল করে গেল সন। আমি ১৯৯৬ সালে এরকমই গোল দেখেছিলাম ব্রাজিলের রোনাল্ডোর কাছে। বার্সেলোনার বিরুদ্ধে এরকমই গোল করেছিলেন রোনাল্ডো।" আর সন নিজে জানিয়েছেন, "আমি বল পাওয়ার পর ডেলে আলিকে পাস দিতে চাইছিলাম। কিন্তু ওকে দেখতে পাইনি। তাই নিজেই বল নিয়ে এগিয়ে যাই। আমার লক্ষ্য ছিল পেনাল্টি বক্সে পৌঁছনো। তারপর মাথা ঠান্ডা রেখে শট মেরেছি। ভগবানকে ধন্যবাদ এই গোলের জন্য।"
সনের করা এই গোল নিয়ে তোলপাড় ফুটবল বিশ্ব। ইতিমধ্যেই অনেকে এই গোলকে মেসি, মারাদোনার গোলের সঙ্গে তুলনা করছেন। কেউ আবার বলছেন এই গোল তাঁদের গোলের থেকেও ভাল। কারণ আরও অনেকটা বেশি দৌড়তে হয়েছে সনকে। চলতি বছরে পুসকাস পুরস্কার যে তাঁরই পাওয়া উচিত সে ব্যাপারে একমত সবাই। বছরের সেরা গোলদাতাকে এই পুরস্কার দেওয়া হয়ে থাকে।
দেখুন সেই ভিডিও
https://twitter.com/SpursOfficial/status/1203434006819282944?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1203434006819282944&ref_url=https%3A%2F%2Fsports.ndtv.com%2Fenglish-premier-league%2Fmessi-who-fans-go-wild-as-son-heung-min-scores-sensational-solo-goal-watch-2145261