দ্য ওয়াল ব্যুরো: করোনা সংক্রমণের আবহে এশিয়া কাপ ও টি ২০ বিশ্বকাপের পরে আরও একটি সিরিজ বাতিল ঘোষণা করা হল বিরাটদের। সেপ্টেম্বর অক্টোবর মাসে ভারতে টেস্ট সিরিজ খেলতে আসার কথা ছিল ইংল্যান্ডের। আপাতত সেই সিরিজ বাতিল করা হয়েছে। জানা গিয়েছে, আগামী বছর জানুয়ারি মাস পর্যন্ত এই সিরিজ বাতিল করা হয়েছে। তারপরে একটা পূর্নাঙ্গ সিরিজের পরিকল্পনা করা হচ্ছে।
বিসিসিআইয়ের তরফে এই কথা ঘোষণা করা হয়েছে। এই সিরিজ বাতিলের কথা বিসিসিআই ও ইংল্যান্ড ক্রিকেট বোর্ড যৌথভাবে নিয়েছে। মনে করা হচ্ছে, ২০২১ সালের শুরুতে পাঁচ টেস্টের সিরিজ খেলতে ভারতে আসতে পারে ইংল্যান্ড। তখনই একটা পূর্ণাঙ্গ সিরিজ খেলানোর চেষ্টা হচ্ছে দু’দলের মধ্যে। জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত হতে পারে এই সিরিজ। সেই বিষয়েই কথা বলছে দু’দেশের বোর্ড।
বোর্ডের সেক্রেটারি জয় শাহ জানিয়েছেন, “বিসিসিআই ও ইসিবি মিলে যৌথভাবে নতুন সূচি নিয়ে ভাবছে। ভারত-ইংল্যান্ড সিরিজ দু’দেশের কাছেই খুব গুরুত্বপূর্ণ। দু’দেশ মাঠে খুব কঠিন প্রতিদ্বন্দ্বিতা করে। অতীতে বেশ কিছু ভাল ম্যাচে দু’দেশের মধ্যে দেখা গিয়েছে।” শাহ আরও বলেন, “যেভাবে বিসিসিআই ও ইসিবি পরিস্থিতি সামলেছে তাতে আমি খুবই খুশি হয়েছি। নতুন সূচি অনুযায়ী যে সিরিজ হবে সেখানে লাল বল ও সাদা বলের সিরিজ করার চেষ্টা করা হচ্ছে। তাহলে আরও বড় আকারের এই সিরিজ হবে।”
আগামী বছর ভারতেরও টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ডে যাওয়ার কথা। তবে তার সূচি এখনও জানানো হয়নি।
করোনা সংক্রমণের কারণে দু’মাসের উপর ক্রিকেট বন্ধ থাকার পরে ইংল্যান্ডেই প্রথম খেলা শুরু হয়েছে। সদ্য ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তিন টেস্টের সিরিজ খেলেছে তারা। ২-১ ব্যবধানে সেই সিরিজ জিতেছে ইংল্যান্ড। তারপর পাকিস্তানের সঙ্গে তিন টেস্টের সিরিজ শুরু হয়েছে ইংল্যান্ডের। এরপরে পাকিস্তানের সঙ্গেই তিন ম্যাচের টি ২০ সিরিজও রয়েছে। তার মাঝে আয়ারল্যান্ডের সঙ্গে সুপার লিগের সিরিজও খেলে ফেলেছে ইংল্যান্ড। পাকিস্তানের পরে অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ রয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের।
অন্যদিকে বিরাটদের সামনে আপাতত রয়েছে আইপিএল। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হবে এই টুর্নামেন্ট। আপাতত সেই দিকেই ব্যস্ত বিসিসিআই। ভিভোর সঙ্গে যুক্তি ভেঙে যাওয়ায় নতুন টাইটেল স্পনসরের খোঁজে রয়েছে তারা। ১০ নভেম্বর আইপিএল শেষ হওয়ার পরে ডিসেম্বর মাসে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ রয়েছে বিরাটদের। ফলে বলা যেতে পারে ডিসেম্বর থেকেই আন্তর্জাতিক ক্রিকেট শুরু হবে ভারতের।